জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

এভাবে আইডি হ্যাক হতে পারে না, সিনিয়র নেতা মিথ্যা বলছেন: তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

খুলনায় নির্বাচনী জনসভায় বক্তৃতা করছেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

কর্মজীবী নারীদের অবমাননা করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টকে কেন্দ্র করে বিতর্ক ও উত্তেজনা চলছে। শফিকুর রহমান ও জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অ্যাকাউন্টটি হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে। তবে এ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক নির্বাচনী জনসভায় বলেছেন, এ বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বলেছেন যে, অ্যাকাউন্ট এভাবে হ্যাক হতে পারে না।`

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় অনুষ্ঠিত জনসভায় তিনি আরও বলেন, “আমরা গতকাল দেখেছি, যখন এই মন্তব্যের পর নারী সমাজসহ প্রত্যেকটি মানুষের কাছ থেকে তীব্র সমালোচনা শুরু হলো, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এভাবে মিথ্যা কথা বলছেন। দলটি পর্যন্ত মিথ্যা দাবি করছে যে তাদের আইডি হ্যাক হয়েছে, অথচ সেটি হয়নি।”

তিনি আরও বলেন, “এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা বলছে। এদের একটাই পরিচয়—এরা মিথ্যাবাদী। নিজেদের প্রয়োজনে ও স্বার্থে এরা মিথ্যা কথা বলে। যারা লক্ষ-কোটি মানুষের সামনে এবং বিশেষজ্ঞদের মুখের ওপর মিথ্যা কথা বলে, তারা আর যাই হোক দেশদরদি হতে পারে না।”

তারেক রহমান বলেন, নির্বাচন আসায় স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। কিন্তু আমরা দেখছি একটি রাজনৈতিক দল দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের ঘরের মধ্যে আটকে রাখতে চায়। তিনি বলেন, “আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। দুই দিন আগে ওই দলের নেতা বলেছেন যে, সকল মা-বোনেরা কর্মসংস্থানের জন্য বাইরে যান, তাদের সম্পর্কে—প্রিয় ভাই-বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে—এমন একটি শব্দ তিনি ব্যবহার করেছেন যা দেশের জন্য কলঙ্কস্বরূপ।”

তিনি প্রশ্ন তোলেন, “যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায় এবং তাদের অসম্মান করে কথা বলে, নির্বাচনে তারা সুযোগ পেলে পরবর্তী সময়ে তাদের আচরণ কী হতে পারে? যে দলের নেতা নিজের দলের নারী কর্মীদের এভাবে অপদস্থ ও অপমানিত করতে পারে, তারা সুযোগ পেলে সাধারণ মা-বোনদের কীভাবে অপমানিত করবে, তার উদাহরণ আমরা ১৯৭১ সালেই দেখেছিলাম।”

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, “খুলনা একসময় শিল্পনগরী ছিল। কিন্তু গ্যাসসহ বিভিন্ন কারণে আজ এই শিল্পনগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে। সরকার গঠন করলে আমরা একে আবার প্রাণবন্ত শিল্পনগরীতে রূপান্তর করতে চাই।” তিনি আরও বলেন, এখানকার তরুণ ও যুব সমাজের যারা আইটিতে (তথ্যপ্রযুক্তি) কাজ করেন, তাদের জন্য আইটি পার্কসহ আরও সুবিধা গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। কৃষকদের বিষয়ে তিনি বলেন, “আমরা কৃষকদের কৃষি কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় কীটনাশক, বীজ ও সার পৌঁছে দেব। পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছি যে, যেসব কৃষকের বর্তমানে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ আছে, সেই ঋণ ইনশাআল্লাহ সুদসহ আমরা মওকুফ করব।”

দুপুর ১টার দিকে খুলনার এই জনসভায় বক্তব্য শেষ করে তারেক রহমান যশোরের আরেকটি জনসভার উদ্দেশে রওনা হন।

জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।
জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মহিলা দলের মিছিল ঝাড়ু প্রদর্শন
এদিকে, কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে মহিলা দলের নেতাকর্মীদের হাতে ঝাড়ু দেখা গেছে। মিছিলটি কাকরাইল ও নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র সহ-সভাপতি হেলেন জেরিন খান ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

মিছিলে সেলিমা রহমান বলেন, “নারীরা বুঝিয়ে দেবে—মিথ্যা বলে, ধর্মের দোহাই দিয়ে বা জান্নাতের টিকিটের কথা বলে কোনো দল জিততে পারে না।” জামায়াত আমিরের উদ্দেশ্যে তিনি বলেন, “জনসম্মুখে নারীদের কাছে ক্ষমা চান। তা না হলে বাংলাদেশের নারী সমাজে যে আগুন জ্বলবে, তা ১২ তারিখে দেখতে পাবেন।”

উল্লেখ্য, জামায়াত এখনো তাদের দাবিতে অটল যে, আমির শফিকুর রহমানের অফিশিয়াল এক্স হ্যান্ডল হ্যাক করে ওই বিতর্কিত পোস্টটি করা হয়েছিল।

Ad 300x250

সম্পর্কিত