ফুটপাত দখল রুখতে নগরবাসীর সহায়তা চাইলেন ডিএনসিসি প্রশাসক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৯: ১৯
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। সংগৃহীত ছবি

ফুটপাত দখল রুখতে নগরবাসীর সহায়তা চেয়েছেন রাজধানী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার ডিএনসিসি সভাকক্ষে ‘ঢাকার সড়ক নিরাপত্তা পরিস্থিতি’ শীর্ষক প্রতিবেদনের মোড়ক উন্মোচনের সময় তিনি এমন মন্তব্য করেন।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ফুটপাত বেদখল বা ব্যবহার উপযোগী না থাকার কারণে পথচারীরা সড়কে চলাচল করতে বাধ্য হয়। এ সময় গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। ফুটপাথে যেন কেউ বেদখল না করে, সে জন্য নগরবাসীর সহায়তা প্রয়োজন। পথচারীরা সড়ক পারাপার হতেও দ্রুতগতির গাড়ির ধাক্কায় মারা যান। এজন্য যত্রতত্র সড়ক পারাপার থেকে পথচারীদের বিরত থাকা দরকার। নির্দিষ্ট স্থান দিয়ে, জেব্রা ক্রসিং বা ফুটওভারব্রিজ ব্যবহার করে সড়ক পার হলে পথচারীদের ঝুঁকি কমবে।

প্রশাসক বলেন, এ প্রতিবেদনে যেসব সড়ক ও মোড়ে বেশি মৃত্যুর তথ্য পাওয়া গেছে, ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নতুন ডিজাইনের মাধ্যমে সেসব মোড় নিরাপদ করা হবে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাকে এগিয়ে আসতে হবে। যারা সড়ক ব্যবহার করেন—পথচারী, যাত্রী, চালক—সবাই সড়ক ব্যবহারে সচেতন হলে এবং আইন মেনে চললে সড়ক অনেকাংশে নিরাপদ হয়ে উঠবে।

ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি. জে. সৈয়দ রাকিবুল হাসান বলেন, সিদ্ধান্ত গ্রহণে তথ্য-উপাত্ত খুব জরুরি। তথ্যের সঠিক ব্যবহারের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলে তা সড়ক নিরাপত্তায় কার্যকর ভূমিকা রাখবে। এ প্রতিবেদনে ডিএনসিসির আওতাধীন উচ্চ-ঝুঁকিপূর্ণ সড়ক বা মোড়গুলো নিরাপদ করার জন্য পুনঃনকশা করা হবে, যেন সড়কে অকালমৃত্যুর ঝুঁকি কমে। বিশেষ করে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ পারাপার ব্যবস্থা, উন্নত ও প্রশস্ত ফুটপাত, জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

বিআইজিআরএস-এর সমন্বয়কারী মো. আব্দুল ওয়াদুদ বলেন, উচ্চ-ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অবকাঠামোগত পরিবর্তন এবং যথাযথভাবে সড়ক পরিবহন আইন প্রয়োগের মাধ্যমে পথচারী ও মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ডিএমপি ও ডিএনসিসির উদ্যোগে ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ করে পথচারীদের নিরাপদ চলাচল উপযোগী করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিসের টেকনিক্যাল অ্যাডভাইজর আমিনুল ইসলাম সুজন, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) খন্দকার মাহবুব আলম প্রমুখ।

সম্পর্কিত