জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

শেষ সময়ে প্রার্থী বদল ও শরিকদের ছাড় দিল বিএনপি

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ২৩: ২৫
বিএনপির দলীয় মনোগ্রাম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর)। ইতিমধ্যে বিএনপির চূড়ান্ত মনোনয়ন বিতরণের কার্যক্রম শেষের পর্যায়ে। তবে শেষ মুহূর্তে বেশ কিছু আসনে পরিবর্তন এনেছে বিএনপি। যদিও এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো পর্যন্ত দেয়নি দলটি।

গত ৩ নভেম্বর সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনে এবং ৪ ডিসেম্বর ৩৮ আসনে প্রার্থী ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর গত ২৩ ও ২৪ ডিসেম্বর আরও ১৫ আসনে সমঝোতার ঘোষণা দেয় বিএনপি। তবে ১৩টি আসনে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে দলটি।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চূড়ান্ত মনোনয়নে অন্তত ১৩টি আসনে পরিবর্তন এনেছে বিএনপি। কিছু আসনে মিত্রদের সঙ্গে সমঝোতা হওয়ায় প্রাথমিক মনোনয়নে পরিবর্তন আসছে। এ ছাড়া তৃণমূলের বিদ্রোহের কারণে যাচাই-বাছাই করে দুই-তিনটি আসনে রদবদল আনা হতে পারে বলে জানিয়েছে সূত্রটি।

যেসব আসনে পরিবর্তন
ঢাকা-১৭ আসনে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এর আগে এই আসনে বিএনপির সমর্থনে প্রচারণা চালিয়েছিলেন বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। তবে শেষ পর্যন্ত তিনি ভোলা-১ আসন থেকে মনোনয়ন নিয়েছেন। এই আসন থেকে তিনি বিএনপির সমর্থনে ‘গরুর গাড়ি’ প্রতীকে নির্বাচন করবেন। এর আগে ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছিল জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরকে।

ঢাকা-১২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন সাইফুল আলম নীরব। তবে জোটের রাজনীতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি।

বন্দরনগরী চট্টগ্রামের তিনটি আসনে রদবদল এনেছে বিএনপি। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১০ আসন থেকে সরিয়ে চট্টগ্রাম-১১ আসনে নেওয়া হয়েছে। আর চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে সরিয়ে চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি। জানা গেছে, তৃণমূল নেতা-কর্মীদের আন্দোলনের মুখে এ পরিবর্তন আনা হয়েছে।

যশোর জেলার তিনটি আসন—যশোর-১, যশোর-৫ ও যশোর-৬ আসনে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে যশোর-১ আসনে বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসানকে বাদ দিয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর-৫ আসনে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে সমর্থন দিয়েছে বিএনপি। দলটির নিবন্ধন না থাকায় তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বলে জানা গেছে। যশোর-৬ আসনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলা শ্রাবণের পরিবর্তে কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, যশোর-১ আসনে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান এক-এগারোর সময় বিতর্কিত ভূমিকার কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। প্রাথমিক মনোনয়নে তাঁর নাম থাকলেও চূড়ান্ত মনোনয়ন পাননি। অন্যদিকে আলেমদের প্রতিনিধিত্ব রাখতে জমিয়তের দুই গ্রুপকে ৫টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। এই সমঝোতায় বাদ পড়েছেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এম ইকবাল। প্রার্থী পরিবর্তন করায় গত শুক্রবার বিকেলে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করেছেন ইকবালের অনুসারীরা। বয়স বিবেচনায় জামায়াত-অধ্যুষিত যশোর-৬ আসনে আবুল হোসেন আজাদকে প্রার্থী করা হয়েছে। দীর্ঘদিন এই আসনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ জামায়াতের প্রার্থীরা নির্বাচন করতেন। কাজী রওনকুলের জনসমর্থন ও বড় অংশের ভোট টানার ক্ষেত্রে কৌশলগত সক্ষমতা থাকলেও বয়স বিবেচনায় তৃণমূলের প্রবীণ প্রার্থীকে মূল্যায়ন করা হয়েছে। তবে রওনকুলকে দলীয় পদ-পদবির ক্ষেত্রে মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

পিরোজপুর-১ আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নাম। তবে তিনি অসুস্থতার কারণে নির্বাচনে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করায় সেখানে জেলা বিএনপির নেতা অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া। এই আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক এমপি মুশফিকুর রহমানকে। তবে নব্বইোর্ধ্ব বয়সী অসুস্থ নেতাকে মনোনয়ন দেওয়ায় দীর্ঘদিন ধরেই স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছিলেন। অবশেষে যাচাই-বাছাই করে রোববার কবীর আহমেদ ভূঁইয়াকে ধানের শীষ তুলে দিয়েছে বিএনপি।

কিশোরগঞ্জ-৫ আসনে উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে গত ২৪ ডিসেম্বর ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন নিশ্চিত করেন।

নড়াইল-২ আসনে বিএনপি নেতা মনিরুল ইসলামকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল দল। তবে ১১ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বিএনপিতে যোগ দেওয়ায় এ আসনে তাঁর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

ফাঁকা আসনে প্রার্থী যারা
গত সপ্তাহে বাগেরহাট জেলার প্রার্থীরা মনোনয়নের সবুজ সংকেত পেয়েছেন। বাগেরহাট-১ আসনে মনোনয়ন পেয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার মহাসচিব ও মতুয়া সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। অন্যদিকে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাট-৪ আসনে মনোনয়ন পেয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি ও মতুয়া সমাজ ঐক্যজোটের সভাপতি সোমনাথ দে।

বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকা-২০ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। ঝিনাইদহ-১ আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। পাবনা-১ আসনে সবুজ সংকেত পেয়েছেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান। নরসিংদী-৩ আসনে জেলা বিএনপির নেতা মঞ্জুর এলাহী এবং লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন নিজানকে মনোনয়ন দিয়েছে দলটি।

এ ছাড়া ময়মনসিংহ-১০ আসনে জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান, লালমনিরহাট-২ আসনে জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল এবং নীলফামারী-৩ আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে সৈয়দ আলীকে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার স্ট্রিমকে বলেন, ‘রদবদলের ব্যাপারটি দলের একান্ত নিজস্ব সিদ্ধান্ত। নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে যা যা করণীয়, দল সেটাই করছে। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না।’

Ad 300x250

সম্পর্কিত