স্ট্রিম ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও ‘কিছুটা সময়’ চলবে এবং এটি মার্কিন সামরিক বাহিনীর জন্য ‘অবিশ্বাস্যরকম ভালো’ যাচ্ছে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের নৌবাহিনীর ৪৪টি জাহাজ ধ্বংস করেছে এবং তাদের বিমানবাহিনী ও অধিকাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা নষ্ট করেছে। ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে তিনি জানান।
এসময় তিনি বলেন, ‘আমরা তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছি। দেখছেন তো, এখন আর তেমন ক্ষেপণাস্ত্র আসছে না। যেখানে তারা ক্ষেপণাস্ত্র তৈরি করে, সেই উৎপাদন কেন্দ্রগুলোতেও আমরা কঠোরভাবে আঘাত করেছি। তাদের ড্রোন সক্ষমতাও অনেক কমে গেছে।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদের এমন জায়গায় আঘাত করেছি, যেখানে সবচেয়ে বেশি ব্যথা লাগে—তাদের প্রায় সব ধরনের নেতৃত্বের ওপরই আঘাত হেনেছি।’
যুদ্ধ আর কত দিন চলতে পারে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যত দিন প্রয়োজন।’
শেয়ার করুন
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় ড্রোন হামলার চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা স্থাপনার ক্ষতি হয়নি।
এর আগে সৌদি আকাশসীমায় প্রবেশ করা অন্তত ১৫টি ড্রোন ভূপাতিত করার কথাও জানানো হয়েছিল।
শেয়ার করুন
ড্রোন হামলার পর ধ্বংসাবশেষ পড়ে কুয়েতের সামাজিক নিরাপত্তার জন্য সরকারি একটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এতে বেসামরিক ভবনটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটিতে একাধিক আকাশ হামলার মোকাবিলা করা হচ্ছে এবং বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা গেছে যে ওই টাওয়ারটিতে বড় ধরনের আগুন লেগেছে।
শেয়ার করুন
ইরাকের কুর্দিস্তানভিত্তিক নিউজ আউটলেট রুদাও নিউজ জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের সুলাইমানিয়ায় কুর্দি পেশমার্গা বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে আকাশে লক্ষ্যবস্তুতে গুলি চালানোর পর আগুন ও ধোঁয়া দেখা যায়। এর আগে দেশটির এরবিল শহরের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সেখানে যুক্তরাষ্ট্রের বাহিনী একটি ড্রোন প্রতিহত করে।
فيديو.. عدد من قوات البيشمركة في مقر قيادة المنطقة الثانية بالسليمانية يطلقون النار على طائرة مسيّرة ويسقطونها ضمن سلسلة هجمات طالت المحافظة الليلة pic.twitter.com/DGcuI15vNA
— Rudaw عربية (@rudaw_arabic) March 8, 2026
শেয়ার করুন

কুয়েতে ইরানের ড্রোন হামলায় নিহত ছয় মার্কিন সেনা সদস্যের মরদেহ যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। তাঁদের মরদেহ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তাদের মৃত্যুকে আমেরিকানদের জন্য ‘অত্যন্ত দুঃখজনক একটি দিন’ বলে উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রে এই আনুষ্ঠানিকতাকে বলা হয় ‘ডিগনিফায়েড ট্রান্সফার’—যা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গম্ভীর একটি অনুষ্ঠান। যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের সংঘাতের দ্বিতীয় দিনে কুয়েতে নিহত ওই ছয় সেনাসদস্যের জন্য এ আয়োজন করা হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর এই প্রথমবার মার্কিন জনগণ টেলিভিশনের পর্দায় এ ধরনের অনুষ্ঠান দেখতে পেল। এখন প্রশ্ন উঠছে, যুদ্ধের মানবিক মূল্য মানুষ যখন চোখের সামনে দেখতে শুরু করবে, তখন অন্তত যারা এই সংঘাতকে সমর্থন করছিলেন, তারা সেই সমর্থন অব্যাহত রাখবেন কি না।
অবশ্য সাম্প্রতিক জরিপের ফলাফল ধারাবাহিকভাবে দেখাচ্ছে, অধিকাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধের বিরোধিতা করছেন। মাত্র প্রায় ৩০ শতাংশ মানুষ এ যুদ্ধকে সমর্থন করছেন।
শেয়ার করুন
নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শেয়ার করুন
কুয়েত সরকার জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শেয়ার করুন
আজ রোববার (৮ মার্চ) ভোরের দিকে ইসরায়েলের দিকে ইরান থেকে আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
তবে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলেও উল্লেখ করা হয়েছে।
শেয়ার করুন
তেহরানের একটি তেল শোধনাগারে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, আজ রোববার (৮ মার্চ) ভোরে তেহরানের একটি তেল শোধনাগারে হামলার খবর পাওয়া গেছে।
আল জাজিরার প্রতিবেদক এই হামলাকে ইরানিদের ভয় দেখানোর এক ধরনের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ উল্লেখ করে বলেছেন, এটি ইরানিদের বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যাতে তাদের ভয় দেখানো যায় এবং তাদের বিশ্বাস করানো যায় যে ,এটি সত্যিই তাদের জন্য শেষ হতে চলেছে। ইয়েমেনেও এমন কৌশল নিয়েছিল ইসরায়েল, সেখানকার প্রধান তেল ডিপোগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।
তিনি বলেন, ইসরায়েলিরা সম্ভবত ইরানে জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা করছে এবং ইরানিরা এটিকে আগ্রাসন এবং সন্ত্রাসবাদের কাজ হিসেবে বিবেচনা করবে।
প্রতিবেদনে বলা হয়েছে, এটা ঠিক যে এই হামলা ইরানিদের ক্ষতি করবে। কারণ এই শোধনাগারগুলো থেকেই তেহরান এবং অন্যান্য অঞ্চলে জ্বালানি সরবরাহ করে। এই হামলার পর সরবরাহ ঘাটতি হলে তা ইরানি সেনা এবং যন্ত্রপাতির ক্ষমতা এবং চলাচল কমাতে প্রভাব ফেলবে। তবে ইরান একটি বড় দেশ, এবং দেশজুড়ে এর অনেক স্থাপনা রয়েছে। তাই এই হামলা আসলেই সংকট তৈরি করবে কিনা, তা নিশ্চিত করে বলা যায় না।
শেয়ার করুন
শনিবার (৭ মার্চ) দিবাগত মধ্যরাতে (স্থানীয় সময়) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এক ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্বদিকে সাতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এর এক ঘণ্টা আগে দেশটির আকাশসীমায় ঢোকা আরও আটটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।
যদিও এর আগে গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশজকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করে বলেছিলেন, তাদের ভূখণ্ড থেকে আক্রমণ না হলে প্রতিবেশী দেশগুলোকে আর লক্ষ্যবস্তু করবে না ইরান। কিন্তু এই ঘোষণার কিছুক্ষণ পরেই ইরান আবারও হামলার শিকার হয়।
আল জাজিরার খবরে বলা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসানো তাদের ঘাঁটি ব্যবহার করেই এসব হামলা চালানো হচ্ছে। প্রতিশোধ নিতে ইরানও হামলা চালিয়ে যাচ্ছে।
শেয়ার করুন
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর সেটিতে আগুন ধরে যায়।
🎥 حملهٔ موشکی اسرائیل به آمبولانسهای تهران pic.twitter.com/ZgNmfNb1Sa
— خبرگزاری فارس (@FarsNews_Agency) March 7, 2026
এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি জ্বলন্ত গাড়ি নেভানোর চেষ্টা করছেন একজন উদ্ধারকর্মী।
নাগরিক সাংবাদিকদের একটি গ্রুপও জানিয়েছে, তেহরানের তেহরানপার্স এলাকায় একটি গলিতে বিস্ফোরণের পর একটি অ্যাম্বুলেন্স থেমে যায়।
শেয়ার করুন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান এক সপ্তাহ পার করে নবম দিনে গড়িয়েছে। গতকাল শনিবার (৭ মার্চ) ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। উত্তর ইসরায়েল, জেরুজালেম ও তেল আবিবে সাইরেন বেজে ওঠে। অবশ্য এদিন ইরান বলেছে, প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে তাদের ওপর হামলা না হলে তারা উত্তেজনা কমাতে প্রস্তুত। তবে উপসাগরীয় ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর সেই উদ্যোগ নষ্ট হয়েছে বলে দাবি করেছে তেহরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের হামলায় উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি ইরানে স্থলসেনা পাঠানোর সম্ভাবনা বা শর্ত সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
এদিন কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১০টি ব্যালিস্টিক ও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ড লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর মধ্যে ছয়টি ব্যালিস্টিক ও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। দুটি ক্ষেপণাস্ত্র কাতারের জলসীমায় পড়ে এবং দুটি জনবসতিহীন এলাকায় পড়লেও হতাহতের ঘটনা ঘটেনি।
সৌদি আরব জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ও জর্ডানের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জাফর হাসান ইরানের হামলার নিন্দা জানিয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপসের জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সময়ে লেবাননের বেকা উপত্যকার নবি চিত এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈরুতের দক্ষিণাঞ্চলের হারেত হরেইক এলাকায়ও ‘সহিংস’ হামলার খবর দিয়েছে আল জাজিরার সংবাদদাতারা।
হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সেনা ও উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
এদিকে বাহরাইনের রাজধানী মানামায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন এবং কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ৬৫০ মিলিয়ন ডলার মূল্যের ২০ হাজারের বেশি বোমা বিক্রির অনুমোদন দিয়েছে। পাশাপাশি সরাসরি বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আরও প্রায় ২৯৮ মিলিয়ন ডলারের অস্ত্র কিনবে ইসরায়েল।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় স্পেন তেহরান থেকে তাদের দূতাবাসের অবশিষ্ট কর্মীদের সরিয়ে নিয়েছে। একই সময়ে ওমান বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে যুদ্ধ বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে।
এদিকে গাজায় যুদ্ধবিরতি চললেও দক্ষিণ গাজায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
(আগের দিনের লাইভ ফিড পড়ুন নিচের লিংকে)
শেয়ার করুন