জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

এপস্টিন কেলেঙ্কারি

রাজপরিবারের উত্তরাধিকার থেকে অ্যান্ড্রুকে সরানোর চিন্তা ব্রিটিশ সরকারের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৪৩
অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর। সংগৃহীত ছবি

ব্রিটিশ সরকার রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে বাদ দিতে আইন আনার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী লিউক পোলার্ড বিবিসিকে বলেন, পুলিশের তদন্তের ফলাফল যা-ই হোক না কেন, অ্যান্ড্রুকে ভবিষ্যতে রাজা হওয়ার সম্ভাবনা থেকে সরিয়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত হবে। তবে তদন্ত শেষ হওয়ার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া উচিত।

বর্তমানে রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী। গতবছরের অক্টোবরে কুখ্যাত যৌন নিপীড়ক ধনকুবের জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কের মুখে তাঁর ‘প্রিন্স’ উপাধিসহ বেশ কয়েকটি রাজকীয় মর্যাদা প্রত্যাহার করা হয়।

সম্প্রতি দায়িত্বে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তার হওয়ার ১১ ঘণ্টা পর তাঁকে তদন্তাধীন অবস্থায় ছেড়ে দেওয়া হয়। অ্যান্ড্রু সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

বিবিসি জানায়, রেডিও ৪-এর ‘এনি কোয়েশ্চনস’ অনুষ্ঠানে পোলার্ড নিশ্চিত করেন যে সাবেক এই ডিউককে সিংহাসনের খুব কাছাকাছি অবস্থান থেকে সরাতে সরকার বাকিংহাম প্যালেসের সঙ্গে কাজ করছে।

প্রস্তাবিত আইন নিয়ে লিবারেল ডেমোক্র্যাটস ও স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) কয়েকজন সংসদ সদস্য সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। তবে কিছু লেবার এমপি মনে করেন, অ্যান্ড্রুর সিংহাসনে আরোহনের সম্ভাবনা অত্যন্ত কম হওয়ায় আইন পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ডাউনিং স্ট্রিট গত অক্টোবরে বলেছিল, উত্তরাধিকার তালিকা বদলাতে কোনো আইন আনার পরিকল্পনা নেই। তবে সাম্প্রতিক ঘটনার পর ইতিহাসবিদ ডেভিড ওলুসোগা বিবিসি নিউজনাইটকে বলেন, সরকার ও প্রাসাদ উভয়েই চলমান সংকট থেকে রাজতন্ত্রকে আলাদা করে দেখাতে আগ্রহী।

বাকিংহাম প্যালেস এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

বিবিসির মতে, অ্যান্ড্রুকে উত্তরাধিকার তালিকা থেকে সরাতে হলে পার্লামেন্টে আইন পাস করতে হবে। এমপি ও লর্ডদের অনুমোদনের পর রাজার স্বাক্ষর পেলে তা কার্যকর হবে। পাশাপাশি যেসব ১৪টি কমনওয়েলথ দেশে রাজা তৃতীয় চার্লস রাষ্ট্রপ্রধান, সেসব দেশেরও সমর্থন প্রয়োজন হবে।

সবশেষ ২০১৩ সালে পার্লামেন্টের আইনে উত্তরাধিকার তালিকা পরিবর্তন করা হয়েছিল। আর সর্বশেষ ১৯৩৬ সালে সিংহাসন ত্যাগের পর এডওয়ার্ড অষ্টম ও তাঁর বংশধরদের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেভি বলেছেন, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। সময় এলে পার্লামেন্টকে বিষয়টি বিবেচনা করতে হবে।

এসএনপির ওয়েস্টমিনস্টার নেতা স্টিফেন ফ্লিনও জানিয়েছেন, আইন আনা হলে তাঁদের দল সমর্থন দেবে।

Ad 300x250

সম্পর্কিত