জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

সরাসরি

ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের পরিচয় প্রকাশ করল পেন্টাগন

১১: ৫৩

ইরানি ড্রোন হামলা থেকে বাঁচাতে উপসাগরীয় দেশগুলোর পাশে দাঁড়ানোর প্রস্তাব জেলেনস্কির

ইরানি ড্রোন হামলা থেকে বাঁচাতে উপসাগরীয় দেশগুলোর পাশে দাঁড়ানোর প্রস্তাব জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মিত্র দেশগুলোর প্রতিরক্ষায় সহায়তা করতে বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা করছে ইউক্রেন। বিশেষজ্ঞরা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় কাজ করবেন।

তিনি জানান, গতকাল তিনি সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সমপর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেছেন। আজ কথা বলেছেন জর্ডান ও বাহরাইনের নেতাদের সঙ্গে। খবর আল জাজিরার।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে মন্ত্রী ও সামরিক কমান্ডারদের সঙ্গে আলোচনার পর, তিনি তাদের নির্দেশ দিয়েছেন মিত্র দেশগুলোকে সহায়তার বিভিন্ন বিকল্প পরিকল্পনা প্রস্তুত করতে। তবে সেই সহায়তা যেন ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল না করে, সে বিষয়েও গুরুত্ব দিতে বলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন জীবন রক্ষা করতে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়তা করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সামরিক বাহিনীর প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে। ইউক্রেনীয় বিশেষজ্ঞরা সরাসরি মাঠপর্যায়ে কাজ করবেন এবং এ লক্ষ্যে টিমগুলো ইতিমধ্যে সমন্বয় করছে। আমরা জীবন রক্ষা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং পরিস্থিতি স্থিতিশীল করা ও অঞ্চলে নিরাপদ নৌ-চলাচল পুনরুদ্ধারের প্রকৃত প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত।’

১০: ৪৬

ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের পরিচয় প্রকাশ করল পেন্টাগন

ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের পরিচয় প্রকাশ করল পেন্টাগন

বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরান যুদ্ধে নিহত আরও দুই সেনার পরিচয় প্রকাশ করেছে। গত রোববার কুয়েতের পোর্ট শুয়াইবায় একটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলায় এই দুই ‘আর্মি রিজার্ভ’ সেনার মৃত্যু হয়। ওই একই হামলায় আরও চারজন রিজার্ভ সেনা নিহত হয়েছিলেন। এ নিয়ে মোট ছয়জন মার্কিন সেনার নিহতের খবর নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

পেন্টাগন জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন আইওয়া অঙ্গরাজ্যের ৪৫ বছর বয়সী মেজর জেফরি ও’ব্রায়েন। এছাড়া পেন্টাগন ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর ৫৪ বছর বয়সী চিফ ওয়ারেন্ট অফিসার ৩ রবার্ট এম মারজানের ‘সম্ভাব্য মৃত্যুর’ কথা ঘোষণা করেছে। মারজানের মৃতদেহ শনাক্তকরণের চূড়ান্ত প্রক্রিয়াটি মেডিকেল পরীক্ষক সম্পন্ন করবেন বলে জানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার আরও চার সেনার পরিচয় প্রকাশ করেছিল মার্কিন সামরিক বাহিনী, যারা ইরানের ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন। এই ছয়জনের মৃত্যুই চলতি যুদ্ধে প্রথম মার্কিন হতাহতের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

নিহত অন্য চার সেনা হলেন—ক্যাপ্টেন কোডি এ খোরক (৩৫), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়া এল টাইটজেনস (৪২), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল এম আমোর (৩৯), এবং সার্জেন্ট ডিক্লান জে কোডি (২০)।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে বলেন, ‘আমাদের যত দিন প্রয়োজন, তত দিন পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।’

১০: ৩৯

১৯তম পর্বের হামলা শুরু করেছে ইরান

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান শুরু করেছে। অভিযানটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম।

গত শনিবার মার্কিন-ইসরায়েলি হামলার পর থেকে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিকে নিশানা করছে ইরান।

১০: ২৭

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার উদ্যোগ ব্যর্থ

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার উদ্যোগ ব্যর্থ

মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব ব্যর্থ হয়েছে। ইরানে ট্রাম্পের সামরিক অভিযান চালানোর ক্ষমতা কমানোর লক্ষ্যে আনা এই প্রস্তাবের পক্ষে ৪৭ জন এবং বিপক্ষে ৫৩ জন সিনেটর ভোট দিয়েছেন। খবর বিবিসির।

আইনপ্রণেতারা প্রায় পুরোপুরি দলীয় অবস্থান থেকে বিভক্ত হয়ে ভোট দেন।

এই প্রস্তাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের সেনাদের সংঘাত থেকে প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে এ বিষেয়ে আগের প্রচেষ্টাগুলোও ব্যর্থ হয়েছে এবং এই উদ্যোগ সফল হলেও যুদ্ধের গতিপথ কতটা বদলাতো তা পরিষ্কার নয়।

ভোটের আগে ডেমোক্র্যাটরা যুক্তি দেন যে ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে গেছেন এবং যুদ্ধের পক্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।

অন্যদিকে বেশিরভাগ রিপাবলিকান বলেছেন, তাঁরা এই প্রস্তাব আটকে দিলেও যুদ্ধ আরও বিস্তৃত হলে তাঁরা নিজেদের অবস্থান বদলাতে পারেন।

তবে কংগ্রেস থেকে এ বিষয়ে শেষ কথা এখনো শোনা বাকি। কারণ যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র কংগ্রেসেরই আছে এবং ইরানে চলমান সামরিক অভিযানের প্রসঙ্গে এই আলোচনায় তারা আবারও ফিরবে।

১০: ২২

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

বৃহস্পতিবার ভোরে ইরান থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুই ঘণ্টার মধ্যে অন্তত তিনবার পৃথক সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়। এফপির প্রতিনিধিরা জেরুজালেম শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে পরিস্থিতি পর্যালোচনার পর ইসরায়েলি সামরিক বাহিনী এখন সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়স্থল ছেড়ে বের হওয়ার অনুমতি দিয়েছে।

১০: ১৩

মার্কিন সামরিক বাহিনীর সহায়তা করতে সীমান্তে ‘প্রস্তুত’ কুর্দি যোদ্ধারা

মার্কিন সামরিক বাহিনীর সহায়তা করতে সীমান্তে ‘প্রস্তুত’ কুর্দি যোদ্ধারা

ইরানে আন্তঃসীমান্ত সামরিক অভিযানে সহায়তার জন্য কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে যুক্তরাষ্ট্র ‘সাহায্য চেয়েছে’ বলে খবর পাওয়া গেছে। কুর্দি কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের বেসরকারি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

ইরান-ইরাক সীমান্তে সক্রিয় ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাজার হাজার যোদ্ধা রয়েছে, যারা মূলত ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থান করে।

উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের কুর্দিস্তান ফ্রিডম পার্টির (পিএকে) কর্মকর্তা খলিল নাদিরি জানান, তাঁদের কিছু বাহিনী সুলাইমানিয়া প্রদেশের ইরান সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থান নিয়েছে এবং তারা বর্তমানে ‘প্রস্তুত’ অবস্থায় রয়েছে।

নাদিরি আরও জানান, সম্ভাব্য অভিযানের বিষয়ে মার্কিন কর্মকর্তারা ইরানের সরকার-বিরোধী গোষ্ঠীগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কোনো তথ্য দেননি।

অন্য একটি কুর্দি গোষ্ঠী কোমালার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁদের বাহিনী এক সপ্তাহের মধ্যে সীমান্ত অতিক্রম করার জন্য প্রস্তুত এবং বর্তমানে তারা ‘উপযুক্ত সময়ের’ জন্য অপেক্ষা করছে।

০৯: ৪৬

তেহরানজুড়ে রাতভর ব্যাপক বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানে রাতে শুরু হওয়া হামলা আজ বৃহস্পতিবার সকালেও অব্যাহত রয়েছে। তেহরানের বিভিন্ন প্রান্ত থেকে মাঝেমধ্যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। খবর আল-জাজিরার।

কেবল রাজধানী নয়, দেশের অন্যান্য শহর থেকেও সামরিক সদর দপ্তর ও রাজনৈতিক কেন্দ্রগুলোতে একই ধরনের হামলার খবর পাওয়া যাচ্ছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে এবং ৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এদিকে বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এরই মধ্যে ১৭ ও ১৮তম দফার হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, তারা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশটির বেশ কিছু উন্নত রাডার সিস্টেমকে সফলভাবে নিশানা করেছে।

০৯: ৪৬

ষষ্ঠ দিনে গড়াল ইরান যুদ্ধ

গত ২৮ ফেব্রুয়ারি ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় সমন্বিত বিমান হামলা চালায়। হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক নেতৃত্ব, পারমাণবিক কর্মসূচি ও সামরিক অবকাঠামো। ইসরায়েল এই অভিযানের নাম দেয় ‘অপারেশন রোরিং লায়ন’, যুক্তরাষ্ট্র দেয় ‘অপারেশন এপিক ফিউরি।’

হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ৪৮ জন ইরানের সামরিক শীর্ষ ব্যক্তি নিহত হন। এছাড়া ইরানের একটি স্কুলে বোমা হামলায় ১৬৫ জন শিক্ষার্থী মৃত্যু বরণ করে। এই হামলার পর থেকে এখন পর্যন্ত ইরানের মোট ১ হাজার ৪৫ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজারেরও বেশি।

হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ইরান দ্রুতই ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা শুরু করে। হামলা চালানো হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও দূতাবাসগুলোতেও। জর্ডান, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের মার্কিন ঘাঁটি ও দূতাবাসে হামলা চালায়। হামলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ছয় সেনা নিহতের খবর পাওয়া গেছে।

এছাড়া বিশ্বে তেল ও গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দেয়।

অবিলম্বে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ।