জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

সরাসরি

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

১৫: ৩৯

আক্রমণকারীরা অনুতাপ করবে: ইরান

আল জাজিরার খবরে বলা হয়েছে—ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় ‘সম্পূর্ণ প্রস্তুত এবং আক্রমণকারীদের তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত করবে।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়—আজ সকালে ইসরায়েলি হামলায় দেশটির ‘আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব লক্ষ্যবস্তু করা হয়েছে, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা অবকাঠামো এবং দেশের বিভিন্ন শহরে অসামরিক স্থাপনা।’

বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের ইরানে নতুন এই সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই আগ্রাসনকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্পষ্ট ভঙ্গ হিসেবে বিবেচনা করে এবং জোরালোভাবে জবাব দেওয়ার বৈধ অধিকার রাখে।’

বিবৃতিতে আরও বলা হয়, ইরানি জাতি সবসময় উত্তেজনা এড়াতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ধৈর্য ও সংযম দেখিয়েছে।

মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘সুস্পষ্ট সশস্ত্র আগ্রাসন’ আখ্যা দিয়ে আত্মরক্ষার অধিকার সংক্রান্ত জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘ইতিহাস প্রমাণ করে ইরানিরা কখনো আগ্রাসনের কাছে মাথা নত করেনি। এবারও ইরানের জবাব হবে দৃঢ়। আক্রমণকারীরা তাদের শত্রুতামূলক কার্যকলাপের জন্য অনুতপ্ত হবে।’

১৫: ৩৪

পশ্চিম ইরানে ‘ব্যাপক হামলা’ চালাচ্ছে ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতির বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল ‘পশ্চিম ইরানে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে’।

১৫: ২৬

হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানি কর্মকর্তারা

ইরানের সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করেই ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত এমন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

১৫: ২০

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ ঘোষণা

কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। আল জাজিরার এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

১৫: ১৩

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

ইরানে যৌথভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা হামলা শুরু করেছে দেশটি। ইতিমধ্যে দেশটি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এরপর বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বাহরাইন নিশ্চিত করেছে, দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি।

এর আগে, বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে জরুরি সতর্কতা জারি করেছিলেন।

এদিকে, কাতারের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এছাড়া কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল জাজিরার সংবাদদাতা।

১৪: ২৫

ইরানের প্রেসিডেন্ট সুস্থ আছেন: রাষ্ট্রীয় গণমাধ্যম

ইরানের প্রেসিডেন্ট সুস্থ আছেন: রাষ্ট্রীয় গণমাধ্যম

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ প্রেসিডেন্সির একটি সূত্রের বরাতে জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জীবিত আছেন।

টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে আইআরএনএ জানায়, পেজেশকিয়ান ‘সুস্থ আছেন’।

ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, পেজেশকিয়ানের স্বাস্থ্যের অবস্থা ‘খুব ভালো’ এবং তার কোনো সমস্যা নেই।

এর আগে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের প্রেসিডেন্ট আহত হয়েছেন।

১৪: ১৬

এবার ইসরায়েলে পাল্টা হামলা চালাল ইরান

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ।

আইডিএফ তাদের বিবৃতিতে আরও বলেছে, জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় স্থানে আক্রমণ ও প্রতিরোধ অভিযান পরিচালনা করছে।

বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র নয়, তাই জনসাধারণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।

১৪: ১২

কয়েক সপ্তাহ আগেই হামলার তারিখ নির্ধারিত হয়, দাবি ইসরায়েলের

ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার ইরানে চালানো হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানটি কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল। আর কয়েক সপ্তাহ আগে হামলার তারিখ চূড়ান্ত হয়।

১৪: ০৮

যেসব স্থাপনা লক্ষ্য করে ইরানে হামলা

ইরানের পাঁচটি শহরে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যৌথ এ হামলায় ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছিল। এসব স্থাপনার মধ্যে রয়েছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পারমাণবিক শক্তি সংস্থা ও পারচিন সামরিক কমপ্লেক্স।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে। তবে এসব হামলায় এখনো ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যায়নি।

এদিকে, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্য করে সাইবার হামলাও চালানো হয়েছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএসহ দেশটির একাধিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। তবে এখন পর্যন্ত আইআরএনএর টেলিগ্রাম অ্যাকাউন্ট সচল রয়েছে বলে জানা গেছে।

১৪: ০৮

ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা

ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা

ইরানের বিভিন্ন স্থানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলার পর তেহরানের প্রাণকেন্দ্রে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে নিশ্চিত করেছেন, ইসরায়েলের সঙ্গে যৌথভাবেই এই হামলা চালানো হয়েছে।

ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী তেহরান এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তারা খবর পেয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই হামলার খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনও।

এদিকে, আজ সকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে ইসরায়েলজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।

অন্যদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এদিকে, সংবাদসংস্থা এপি জানিয়েছে, ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র তেহরানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে আঘাত হেনেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ‘ইসরায়েল প্রতি হুমকির প্রতিরোধমূলকভাবে দূর করতে’ এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলে সাইরেন বাজার পর দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার শঙ্কা থেকে জনগণকে প্রস্তুত করতে’ আগাম সতর্কতা জারি করা হয়েছে।

ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব বেসামরিক ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। আর জনসাধারণকে বিমানবন্দরে না আসার আহ্বান জানানো হয়েছে।