জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

মন্ত্রিসভার প্রথম বৈঠক ঘিরে সচিবালয়ে নিরাপত্তা জোরদার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৫৬
সচিবালয়ের এক নম্বর ভবনের নিচতলাসহ বিভিন্ন স্থানে ফুলের টব রাখা হয়েছে। স্ট্রিম ছবি

বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, বেলা ১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে ঢুকবেন। এখানে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করবেন তিনি। পরে বেলা ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন। সচিবদের সঙ্গেও মতবিনিময় করবেন তারেক রহমান।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, নতুন মন্ত্রীরা সচিবালয়ে প্রথম দিন অফিস করবেন। এজন্য সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা ব্যস্ত সময় পার করছেন। তারেক রহমানের আগমন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর দপ্তর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রীর জন্য তাঁর কক্ষটি প্রস্তুত করা হয়েছে। এ ফ্লোরে থাকা মন্ত্রিসভা বৈঠকের জন্য মন্ত্রিপরিষদ কক্ষও প্রস্তুত করা হয়েছে। এই ভবন তৈরির পর এ ফ্লোরটি বলতে গেলে অব্যবহৃত ছিল। নিচতলাসহ এ ভবনের বিভিন্ন তলার সৌন্দর্যবর্ধনের জন্য ফুলের টব রাখা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পরদিন বুধবার তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরের পর তিনি সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রথমবার অফিস করবেন।

সচিবালয়ে এসে তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। বেলা ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। মূলত এটি হবে পরিচিতিমূলক। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন নতুন প্রধানমন্ত্রী।

বিশেষ করে নতুন এক নম্বর ভবনের চারপাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন। সতর্ক রয়েছেন পিজিআর সদস্যরাও।

এক নম্বর ভবনের সামনে বসানো হয়েছে আর্চওয়ে। রয়েছে সেনাবাহিনীর টহল। এক নম্বর ভবনে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত