স্ট্রিম ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে।
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে উপলক্ষ্য করে মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তাদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদেরও কয়েকজন যোগ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশন শুরুর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।
কর্মসূচিতে তাদের উত্থাপিত প্রধান তিনটি দাবি হলো: সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে; রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।
মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে দেখা যায়, নিজেদের দাবি আদায়ে শহীদ পরিবারের সদস্য এবং এনসিপির নেতা-কর্মীরা সংসদ ভবনের প্রবেশপথে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছেন। এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ আরও অনেকে।
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সংসদ ভবন এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকেই জাতীয় সংসদের আসাদ গেট এলাকার ফটক, ১২ নম্বর ফটক (বকুল তলা গেট) এবং মনিপুরী পাড়া সংলগ্ন গেট দিয়ে সংসদ সদস্যরা এসে প্রবেশ করছেন।
ফটকগুলোসহ আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, সংসদ ভবন ও আশপাশের এলাকায় বুধবার রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য ক্ষতিকর দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে সংসদের অধিবেশন উপলক্ষে সকাল ৮টা থেকে নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচলে ডাইভারশন কার্যকর করা হয়েছে, যা চলবে সকাল ১১টা পর্যন্ত।
শেয়ার করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সংসদ ভবনে পৌঁছান। সকাল ১১টা থেকে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
সংসদ সূত্রে জানা গেছে, সংসদ ভবনে পৌঁছে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে গিয়ে বসেছেন।

শেয়ার করুন
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। আর প্রথমবারের মতো বিরোধী আসনে বসতে যাচ্ছে তাদেরই সাবেক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গত ১৭ ফেব্রুয়ারি সকালে প্রথমে শপথ নেন সংসদ সদস্যরা। ওই দিন বিকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠন হয় মন্ত্রিসভা।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে ২০১৪ সাল পর্যন্ত তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিপরীতে বিএনপি-জামায়াতসহ চার দলীয় জোটের বিরোধী অবস্থানের কারণে সংসদ ছিল প্রাণবন্ত।
এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি জামায়াতের বর্জনের মধ্য দিয়ে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের অংশগ্রহণে দশম সংসদ গঠন হয়। তবে জাতীয় পার্টি সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করায় তাদের রাজনৈতিক অবস্থান ছিল প্রশ্নবিদ্ধ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অধীনে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ।
সেই অধ্যায় কাটিয়ে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। সংসদে সরকারি ও বিরোধী দলে থাকছে দীর্ঘ সময়ের জোটসঙ্গী বিএনপি ও জামায়াতে ইসলামী। এরইমধ্যে সরকারি ও বিরোধী দলের কিছু বিষয়ে পরস্পর বিপরীতমুখী অবস্থান নিতে দেখা গেছে। বিশেষ করে গণভোট, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার), প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণসহ কয়েকটি বিষয় নিয়ে বিরুদ্ধ অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়াত। এর ফলে প্রথম দিন থেকেই সংসদে হট্টগোল তৈরির শঙ্কা তৈরি হয়েছে।
জামায়াতের সঙ্গে একই অবস্থানে রয়েছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দল এনসিপি, মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস ও আবদুল বাছিত আজাদের খেলাফত মজলিস।
শেয়ার করুন
জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা থেকে দিনের কার্যসূচি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে প্রকাশ করা কার্যসূচিতে সাতটি ধাপের কাজের বণ্টন করা হয়েছে।
সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা কার্যসূচিতে বলা হয়, প্রথম ধাপে ‘স্পিকার’ ও ‘ডেপুটি স্পিকার’ নির্বাচন; দ্বিতীয় ধাপে সভাপতিমণ্ডলি মনোনয়ন; তৃতীয় ধাপে শোক-প্রস্তাব; চতুর্থ ধাপে অধ্যাদেশ উপস্থাপন; পঞ্চম ধাপে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন’ সংসদের উপস্থাপন; ষষ্ঠ ধাপে সংসদীয় কমিটি গঠন এবং সবশেষ সপ্তম ধাপে রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বসছে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরী পাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট) ও আসাদগেট (১ নম্বর গেট) উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
যানজট এড়ানোর জন্য এবং নির্বিঘ্নে সংসদ ভবনে প্রবেশের জন্য অতিথিদের মনিপুরী পাড়া গেট এড়িয়ে (মনিপুরীপাড়া গেটে গাড়ির চাপ বেশি থাকবে) বকুলতলা গেট ও আসাদগেট দিয়ে জাতীয় সংসদে প্রবেশের জন্য অনুরোধ করেছে ডিএমপি।
বুধবার (১১ মার্চ) রাতে ডিএমপির উপকমিশনার মুহাম্মাদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি আমন্ত্রণপত্রের সঙ্গে দেওয়া গাড়ির স্টিকার (পদ্মা, মেঘনা, যমুনা, শাপলা, বকুল, শিউলি ও শিমুল) অনুযায়ী নির্ধারিত স্থানে (সংযুক্ত পার্কিং প্ল্যান মোতাবেক) গাড়ি পার্কিংয়ের অনুরোধ করেন।
উল্লেখ্য, পদ্মা, মেঘনা, যমুনা এবং শাপলা স্টিকারযুক্ত গাড়ির পার্কিং সংসদ ভবনের অভ্যন্তরে বিভিন্ন স্থানে হবে এবং বকুল, শিমুল ও শিউলি স্টিকারযুক্ত গাড়ির পার্কিং পুরাতন বাণিজ্য মেলা মাঠে থাকবে।
এছাড়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যানবাহনসমূহ মানিক মিয়া অ্যাভিনিউ মূল সড়কে সিঙ্গেল লাইনে পার্কিং করতে হবে।
আমন্ত্রিত সব অতিথি টানেল রোডে গাড়ি থেকে নেমে সংসদ ভবনে প্রবেশ করবেন। এক্ষেত্রে টানেল রোডে নামার সময় যথাসম্ভব কম সময় নেওয়ার জন্য অনুরোধ করা হয় এবং চালক বা সঙ্গীয় ব্যক্তিদের গাড়ি থেকে না নামার জন্য অনুরোধ করে ডিএমপি।
সম্মানিত অতিথি এবং সংশ্লিষ্ট সবাইকে (প্রবেশ গেট এবং পার্কিং স্থলে) ডিএমপির ট্রাফিক বিভাগের দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হয়।
শেয়ার করুন

নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে কিছু নির্ধারিত কাজ হয়। এবার ‘স্পিকারের শূন্য আসন নিয়ে’ শুরু হওয়া প্রথম অধিবেশনের প্রথম কাজই হবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা।
সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করার কথা। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) কারাগারে রয়েছেন।
এবারের নির্বাচনের পর থেকেই অনেকের মধ্যেই এই কৌতূহল আছে যে আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনের সূচনায় কে সভাপতিত্ব করবেন। ধারণা করা হচ্ছিল যে অধিবেশনের আগের দিন সরকারি দলের সংসদীয় দলের সভায় এটি চূড়ান্ত হতে পারে। কিন্তু ওই সভায় বলা হয়, নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার—এসব কিছুই চূড়ান্ত করার দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের হাতে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) এক সংবাদ সম্মেলনে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘সংসদীয় দলের সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সংসদীয় দল সিদ্ধান্ত দিয়েছি, সংসদ নেতা স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনয়ন নির্ধারণ করবেন।’
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পাঁচ দিন পরে ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিরা শপথ নেন। সেদিন বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয় এবং বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
নুরুল ইসলাম মনি আরও বলেন, ‘আমাদের যেহেতু পুরনো স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই। আমরা সংসদে একটি খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন। প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা, তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে… প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব।’
শেয়ার করুন
অধিবেশন শুরুর আগে সংসদের কার্যসূচি নির্ধারণে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক হতে পারে। ওই বৈঠকে অধিবেশনের সময়কাল ও এজেন্ডা ঠিক করা হবে।
প্রথম বৈঠকে সরকারি দলের (ট্রেজারি বেঞ্চ) অন্যতম প্রধান কাজ হবে সরকার যেসব অধ্যাদেশকে আইনে রূপ দিতে চায়, সেগুলো সংসদের সামনে উপস্থাপন করা। অন্তর্বর্তী সরকার তাদের ১৮ মাসের মেয়াদকালে মোট ১৩০টি অধ্যাদেশ জারি বা সংশোধন করেছে।
শেয়ার করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে। আজ সকাল ১১টায় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদীয় রীতি অনুযায়ী রাষ্ট্রপতির এই ভাষণ আগে মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে তা নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা।
এটি ২০২৬ সালেরও প্রথম সংসদ অধিবেশন। সংসদীয় প্রথা অনুযায়ী প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন।
গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আজকের অধিবেশনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের যাত্রা শুরু হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠিত হয়েছে। নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয় ১৩ ফেব্রুয়ারি। নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে। এর মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন।
অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই পেয়েছে ৬৮টি আসন।
সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতেই রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।
নির্বাচনের পর গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।
শেয়ার করুন