জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

সরাসরি

গণতন্ত্রে উত্তরণের পথে বাংলাদেশ: ভোটগ্রহণ চলছে

০৯: ২৪

সিরাজগঞ্জে আচরণবিধি লঙ্ঘনে চারজনকে জরিমানা, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ইউপি সদস্যসহ চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নূরনবী, কয়ড়া গ্রামের জাহাঙ্গীর আলম, আলী আকবর ও আলম।

এদিকে একই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘুরকা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমরা কাজ করছি। আচরণবিধি বাস্তবায়নে নজরদারি অব্যাহত থাকবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সেখানে অভিযান চালানো হবে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

০৯: ২২

ভোটে কোনো অনিয়ম তরুণ প্রজন্ম বরদাশত করবে না: মুজিবুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন অনিয়ম হলে তরুণ প্রজন্ম বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘এই নির্বাচন দেশের মানুষের কাছে বহু প্রত্যাশিত। অনেক রক্ত, ত্যাগ ও জীবনের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে এবং একটি নির্বাচন এসেছে। এর নেতৃত্বে ছিল এই দেশের তরুণ প্রজন্ম। সারা দেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এই নির্বাচনে কোন অনিয়ম হলে তরুণ প্রজন্ম বরদাস্ত করবে না।’

বৃহস্পতিবার সকাল ৮টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের এই কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে তিনি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটির সাবেক এই সংসদ সদস্য প্রত্যাশা করেন, এবার নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘এই দেশের মানুষ এখন পরিবর্তন চায়। সবাই পরিবর্তনের পক্ষে একমত হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, সারাদেশে জামায়াতে ইসলামের প্রার্থীরাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হবেন। ’

এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

০৯: ১৮

ভোট ‘দেবেন না’ নাসিরুদ্দীন পাটোয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারী ভোট দেবেন না। নাম প্রকাশ না করার শর্তে এনসিপির এক শীর্ষ নেতা ঢাকা স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নাসিরুদ্দীন পাটোয়ারী ঢাকা-১৮ আসনের ভোটার। কিন্তু তিনি নির্বাচন করছেন ঢাকা-৮ আসনে। যতদূর জানি তিনি ভোট দেবেন না। ঢাকা-৮ আসনে সময় দিচ্ছে সেজন্য হয়তো ভোট দেওয়ার সময় পাবেন না।’

০৯: ১৬

মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, ভোট দিয়ে গোলাম পরওয়ার

মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, ভোট দিয়ে গোলাম পরওয়ার

নিজ কেন্দ্রে ভোট দিয়ে ভোটের পরিবেশের সন্তোষ প্রকাশ করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর। মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।’ তিনি সারা দেশের ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান জানান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে খুলনা-৫ আসনের পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। জামায়াতের শীর্ষ নেতা এই আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী।

জামায়াত ইসলামের নেতা বলেন, ২০১৮ সালে নির্বাচনে প্রার্থী হওয়া সত্ত্বেও ভোট দিতে না আসার জন্য সকালে আমাকে হুমকি দেওয়া হয়েছিল, গ্রেপ্তার করা হবে। এটি আমার গ্রাম, জন্মস্থান; আমাকেই যদি হুমকি দেওয়া হয় সেখানে ভোটারদের কী অবস্থা হতে পারে! এখন পরিবর্তিত পরিস্থিতি, নতুন বাংলাদেশ। শত শত ভোটার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছেন।’

তিন বলেন, ‘ভোটের পর আরেক নতুন বাংলাদেশের যাত্রা শুরু করবে। জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হবে।’

০৮: ৫৭

ভোট দিলেন জামায়াত আমির

ভোট দিলেন জামায়াত আমির

ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট দিয়েছেন। নিজ আসনের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (বালক শাখা) ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোট দিয়েছেন তিনি।

ভোট দেওয়ার পরে উপস্থিত সাংবাদিকদের জামায়াত আমির বলেন, 'আশাকরি নির্বাচন সুষ্ঠু হবে।' এসময় তিনি ভোট দিয়ে রাষ্ট্র গঠনের গর্বিত অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন সবাইকে। এসময় সবার কাছে দোয়া চেয়েছেন জামায়াত আমির।

জামায়াত আমিরের ভোট দেওয়ার পূর্ব ঘোষণা থাকায় সকাল থেকে কেন্দ্রটিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও গণমাধ্যমের উপস্থিতি ছিল। অন্যদিকে সকাল থেকে কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সকাল ৭টা ২০ মিনিটে কেন্দ্রে পৌঁছে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। কেন্দ্রে প্রবেশের জন্য এসময় দুই সারীতে শতাধিক ভোটার অপেক্ষায় ছিলেন।

৮টা ২০ মিনিটে কেন্দ্রে পৌঁছান জামায়াত আমির। গণমাধ্যমের ভিড় ঠেলে সাড়ে ৮টার পরে ভোট দেন ডা. শফিকুর রহমান।

০৮: ৫৭

এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক আছে: সালাহউদ্দিন আহমদ

এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক আছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর ভোটগ্রহণ শুরুর পরপরই পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন তিনি।

এসময় তাঁর স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ সালাহউদ্দিন আহমদের পরিবারের বাকি সদস্যরাও ভোট দেন।

ভোট দিয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইতিহাসের বাঁক বদলানো শুরু হয়েছে, আমি লাইনে সবার শেষে দাঁড়িয়ে ভোট দিলাম। এখানে সবাই এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশে সুন্দর ও স্বাভাবিক রয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশায় রক্ত দিয়েছেন, আমাদের সন্তানের শহীদ হয়েছেন সে প্রত্যাশা-স্বপ্ন আকাশচুম্বী। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

০৮: ৪৩

ভোট দিয়ে এ্যানি বললেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত থাকুক’

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভোট দিয়েছেন। ভোট দিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি। এ পরিবেশের মাধ্যমে দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমার বিশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশ, পরিস্থিতি অব্যাহত থাকবে।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেওয়া শেষে এসব কথা বলেছেন তিনি। ওই ভোটকক্ষে তিনিই প্রথম ভোট প্রদান করেন।

এ্যানি বলেন, ‘এই শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা যেন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি। পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারি। যার মাধ্যমে আমরা লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থাকবে। আগামী দিনে আমাদের উন্নয়নের অব্যাহত ধারা বজায় রাখবে। সবার পাশে আছি, সবার পাশে থাকব।’

এসময় বিএনপির এ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা ছিলেন।

এ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ছয়জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের ৪টি আসনে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় এবার ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়ার কথা রয়েছে।

০৮: ৩৭

ভোটের পরিবেশ এখন ভালো, কারচুপির শঙ্কা আছে: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করীম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে বরিশাল সিটির ২৪ নম্বর ওয়ার্ড রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

এরপর সাংবাদিকদের তিনি বলেন, ‘কারচুপির আশঙ্কা আছে, হতে পারে। বিগত দিনের যে নির্বাচন হয়েছে সেই শঙ্কা মানুষের এখনও কাটেনি। এজন্য সুন্দর নির্বাচন দরকার। যতক্ষণ এটা না হবে, প্রশাসন যত ভালো কথাই বলুক মানুষ শঙ্কামুক্ত নয়।’

তিনি আরও বলেন, ভোটে ইঞ্জিনিয়ারিং যেন না হয়। ভোটের পরিবেশ এখন ভালো। রেজাল্টের আগে ভালো কী মন্দ এ কথা বলব না। অনেক সময় দেখা যায় পরিবেশ ভালো, কিন্তু ভেতরে অন্য কিছু ঘটেছে।

০৮: ১৬

খাগড়াছড়িতে সহকারী প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত এক সহকারী প্রিজাইডিং অফিসারকে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, সহকারী প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসান এশার নামাজ আদায়ের কথা বলে মসজিদে গিয়ে সেখানে অবস্থানরত জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেন।

ওয়াদুদ ভূইয়া বলেন, ‘নামাজের অজুহাতে মসজিদে গিয়ে জামায়াত নেতাদের সঙ্গে কীভাবে বেশি ভোট আদায় করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনতা তাদের ঘেরাও করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেন।’

এ বিষয়ে আমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হুমায়ুন কবির বলেন, ‘আমি কেন্দ্রে দায়িত্ব পালন করছিলাম। সহকারী প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসান নামাজ পড়তে গিয়েছিলেন। পরে অনিয়মের অভিযোগ ওঠায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।’

ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

০৮: ১২

ভোট দিলেন মির্জা ফখরুল

ভোট দিলেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

এদিকে সারা দেশেই ১৭ বছর পর ভোট উৎসব বিরাজ করছে। ভোটাররা সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন বলে খবর পাঠাচ্ছেন স্ট্রিমের প্রতিবেদকরা।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে যান অনেকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলো ছাড়াও বিভিন্ন সড়কে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, একযোগে ২৯৯টি আসনের ভোটগ্রহণ চলছে। এক প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

০৮: ০৪

ভোট দিয়ে ‘ভি চিহ্ন’ দেখালেন নাহিদ ইসলাম

ভোট দিয়ে ‘ভি চিহ্ন’ দেখালেন নাহিদ ইসলাম

ভোট দিতে সকাল সকাল ঢাকা-১১ আসনের এ কে এম রহমতউল্লাহ কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্রটিতে ১৫ মিনিট দেরি করে ৭টা ৪৫ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়।

রাজধানীর বাড্ডা এলাকায় সিটি করপোরেশনের ৪২ ওয়ার্ডে অবস্থিত এই কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই ভোটারদের লাইনে দাঁড়াতে দেখা যায় এই আসনে শাপলা কলির প্রার্থী নাহিদ ইসলামকে। এসময় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরে সকাল ৮টার দিকে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে হাসিমুখে ভি চিহ্ন (বিজয় চিহ্ন) দেখান।

ভোটকেন্দ্রে নাহিদ ইসলাম
ভোটকেন্দ্রে নাহিদ ইসলাম

ভোটগ্রহণ দেরিতে শুরু হওয়ার কারণ জানতে চাইলে সহকারী প্রিজাইডিং অফিসার আরিফ হোসেন স্ট্রিমকে বলেন, ‘সব প্রার্থীর এজেন্ট প্রস্তুত ছিল না, তাই দেরি হয়েছে।’

০৭: ৫২

২ ঘণ্টা পরপর তথ্য জানানোর নির্দেশ

নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রতি ২ ঘণ্টা পরপর ভোটের হার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে ইসি। ইসির পরিপত্র অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে বেসরকারি ফল না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। রিটার্নিং অফিসারদের কাছ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে ভোটগ্রহণ চলাকালে নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রতি ২ ঘণ্টা অন্তর অন্তর ভোট দেওয়ার হার, ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার থেকে প্রাপ্ত ভোট গণনার বিবরণী পাঠাতে হবে।

০৭: ৩২

ভোটগ্রহণ শুরু

ভোটগ্রহণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ শুরু হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন দেশের মানুষ। এছাড়া গণভোট হচ্ছে। সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবে ‘হ্যাঁ’-‘না’ ভোট দেবেন ভোটাররা।

নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ ভোটারের মধ্যে প্রথমবারের মতো প্রায় ৪ কোটি তরুণ ভোটদানের সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের সঙ্গে এই ব্যবস্থাপনায় ভোট দিতে পারছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিরা।

এবারের নির্বাচনে স্বতন্ত্র ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছে ৫০টি দল। মোট প্রার্থী ২০২৮ জন, যার মধ্যে ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী।

নির্বাচনে ২৯১ জন প্রার্থী রয়েছে দেশের অন্যতম বড় দল বিএনপির, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছে ২৫৮, জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছে ২২৪ জন। এছাড়া জাতীয় পার্টির ২০০, গণঅধিকার পরিষদ ৯৪ ও এনসিপির ৩২ জন প্রার্থী রয়েছেন।

০৭: ০২

ঢাকার কেন্দ্রে ভোটারদের লাইন

ঢাকার কেন্দ্রে ভোটারদের লাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরুর আধঘণ্টার কম সময় বাকি। এরই মধ্যে কেন্দ্রে আসছেন ভোটাররা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হবে ভোটগ্রহণ। তার আগেই শীতের সকালে অনেক ভোটার লাইনে দাঁড়িয়েছেন। ঢাকা-১২ আসনে ভোটারদের পাশাপাশি বিভিন্ন প্রার্থীর এজেন্টরা কেন্দ্রে ভিড় করছেন।

সরেজমিন ভোরে রাজধানীর মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা যায়। তারা অপেক্ষা করছেন ভোট শুরুর।

০৬: ৪৫

কেন্দ্রে বাড়ছে ভিড়, ভোট শুরুর অপেক্ষা

কেন্দ্রে বাড়ছে ভিড়, ভোট শুরুর অপেক্ষা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণতন্ত্রের নতুন পথযাত্রার এই নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শীতের ভোরে ভোটাররা কেন্দ্রে আসছেন। ভোট গ্রহণ কর্মকর্তারা সব প্রস্তুতি নিয়েছেন। বিভিন্ন প্রার্থীর এজেন্ট কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রয়েছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আজ ভোট হবে ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। এই নির্বাচনে অংশ নিচ্ছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল। অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ইত্যাদি। বহু বছর পর শঙ্কামুক্ত ভোটদানের প্রত্যাশা নিয়ে গ্রামেগঞ্জে গেছেন লাখো তরুণ, যুবক ও প্রবীণ।

সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪ সালে ‘একতরফা’, ২০১৮ সালে ‘রাতের ভোট’ এবং ২০২৪ সালের ‘আমি-ডামির নির্বাচন’ দেশের নির্বাচনব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করেছে। ভোটারদের একটি বড় অংশের অভিযোগ ছিল, তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবারের নির্বাচন শান্তিপূর্ণ হলে তা হবে যেমন গণতন্ত্র উত্তরণের প্রথম ধাপ, তেমনি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে তা হবে সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়নের সূচনা।

গত ১১ ডিসেম্বের ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী দুয়ারে প্রবেশ করে বাংলাদেশ। এবারের নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ ভোটারের মধ্যে প্রথমবারের মতো প্রায় ৪ কোটি তরুণ ভোটদানের সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের সঙ্গে এই ব্যবস্থাপনায় ভোট দিতে পারছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিরা।

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এবার ২৯৯টি আসনে দল, স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ২৮ প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। পুরো নির্বাচনে হাজারখানেক ড্রোন উড়িয়ে নজরদারি করছে ইসি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ঢাকা স্ট্রিমকে বলেন, খুব সুন্দর ও গ্রহণযোগ্য পরিবেশে ভোট হবে। টুকটাক কিছু হয়তো হতে পারে। কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটেব না বলে আশাবাদী। আমি বিশ্বাস করি, ৬০ শতাংশের বেশি ভোট পড়বে।

২ হাজার ২৮ প্রার্থী, নারী মাত্র ৮৩

নির্বাচনে মোট ২ হাজার ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫০টি রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ ও স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। বিভিন্ন দলের ৬৩ জনসহ নারী প্রার্থী আছেন ৮৩ জন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আবার ২০ নারী লড়াইয়ে রয়েছেন।

৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটদানের সুযোগ পাবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ পুরুষ, ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩২। ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাড়তি নিরাপত্তা দিচ্ছে ইসি। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

ভোটগ্রহণের জন্য ৬৯ রিটার্নিং কর্মকর্তা ও ৫৯৮ সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি। এছাড়া ৪২ হাজার ৭৭৯ প্রিসাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ সহকারী প্রিসাইডিং অফিসার ও ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার রাত ৯টা পর্যন্ত ১০ লাখ ৬৯ হাজার ৮৩৮ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এ জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪জন নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ৭ লাখ ৭২ হাজার ৫৪৬; দেশের ৭ লাখ ৬১ হাজার ১৩৮ জন।