আসিয়ান কাপে বাংলাদেশের সামনে মালয়েশিয়া-সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। ফাইল ছবি।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। ফাইল ছবি।

ফিফা আসিয়ান কাপের ‘এ’ গ্রুপে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের টুর্নামেন্টের অভিযান শুরু হবে।

২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় পর্দা উঠবে ফিফা আসিয়ান কাপের। বুধবার বাফুফের প্রকাশিত সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর জাকার্তার গেলোরা বান কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

এরপর একই মাঠে একই সময়ে ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে হামজা-জামালরা।

প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় খেলতে যাওয়া বাংলাদেশের সঙ্গে প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

আসিয়ান অঞ্চলের দলগুলোর পাশাপাশি চীন, ভারত ও হংকংকেও এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ থাকায় ভারত নাম প্রত্যাহার করে নেয়। এরপর সে জায়গায় খেলার সুযোগ পায় বাংলাদেশ।

বাফুফের কার্যনির্বাহী সদস্য বাবু এক সংবাদ সম্মেলনে বাংলাদেশকে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

টুর্নামেন্ট সামনে রেখে প্রধান কোচ থমাস ডুলির অধীনে বসুন্ধরা কিংস অ্যারেনায় ক্লোজডোর অনুশীলন করছে জাতীয় দল। অনুশীলনের এক দিন সাংবাদিকদের জন্য উন্মুক্ত রাখা হলেও সেদিন বৃষ্টির কারণে অনুশীলন সংক্ষিপ্ত করা হয়।

আগামী ১৯ সেপ্টেম্বর ফিফা আসিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশের। এর মধ্যে প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ছয় ফুটবলার বৃহস্পতিবার হোটেল ছেড়েছেন।

ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক দল সংক্ষিপ্ত হয়। স্বাভাবিক সেই প্রক্রিয়ায় কোচ ইয়াসিদ তাহমিদ, দেবজিত সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুল বাদ পড়েছেন। আরও কয়েকজনকে বাদ দেবেন আজকের অনুশীলনের পর। তবে ইন্দোনেশিয়ায় তিনি কয়জন নিয়ে যাবেন, সেটা এখনও জানাননি।”

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত