
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় বিপন্ন প্রজাতির একটি মুখপোড়া হনুমান মারা গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬ নম্বর পুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় হনুমানটিকে পড়ে থাকতে দেখেন সিএনজি চালক অখিল মালাকার। তখন মুখে পানি দিয়ে বাঁচানোর চেষ্টা করেন তিনি। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ আহত হনুমানটিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হনুমানটিকে মৃত ঘোষণা করেন।
পরে মৃত হনুমানটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত হনুমানটির ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। এরপর বন বিভাগের নিয়ম অনুযায়ী মৃতদেহটি মাটিচাপা দেওয়া হবে।
মুখপোড়া হনুমান বাংলাদেশের বিপন্ন বন্য প্রাণীগুলোর একটি। বনভূমি কমে যাওয়া, আবাসস্থল ধ্বংস এবং মানুষের নানা ধরনের হস্তক্ষেপে এ প্রজাতির অস্তিত্ব দিন দিন হুমকির মুখে পড়ছে।
বাংলাদেশের চিরসবুজ কয়েকটি বনাঞ্চলের মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান মুখপোড়া হনুমানের অন্যতম আবাসস্থল। খাদ্য ও নিরাপদ আবাসস্থলের সন্ধানে এসব বন্যপ্রাণী অনেক সময় বনাঞ্চল সংলগ্ন সড়ক পার হয়।
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)




