জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৩০
উপদেষ্টা পরিষদের সদস্যদের কয়েকজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এতে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা কে কোথায় এবং কখন ভোট দেবেন— তা জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই তাদের ভোট দেওয়ার কথা রয়েছে।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। আগামীকাল ভোট হবে ২৯৯টি আসনে। এরইমধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার রাতের মধ্যে ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপারসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালট হবে গণভোটের।

নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভোট দেবেন রাজধানীর গুলশান মডেল স্কুলে বলে জানিয়েছেন উপপ্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ। তবে প্রধান উপদেষ্টা কখন ভোট দিতে যাবেন, সেই সময়টি বলতে পারেননি তিনি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার; এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভোট দেবেন রাজধানীর সেন্ট্রাল রোডের আদর্শ কলেজে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকা-১৭ আসনের ভোটার। তিনি ভোট দেবেন গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্রে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানও একই কেন্দ্রে ভোট দেবেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা-৮ আসনের ভোটার। তিনি ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। আইন মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম বলেন, ‘তিনি সকাল-সকালই ভোট দেবেন। তবে নির্দিষ্ট সময়টি বলতে পারছি না।’ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারও একই কেন্দ্রে ভোট দেবেন সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে।

অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বেলা ১২টায়। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ভোট দেবেন মোহাম্মদপুরের জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় ও কলেজে।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন সকাল ১০টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন ধানমন্ডির কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ভোট দেবেন উত্তরার পরশমণি ল্যাবরেটরি স্কুলে সকাল ৮টায়। ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন চট্টগ্রামের ভোটার। কিন্তু নির্বাচনের সময় তিনি ঢাকায় থাকায় ভোট দেবেন না বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মহাখালীর ডিওএইচএস এলাকার ভোটার। তিনি সেখানেই ভোট দেবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ভোট দেবেন চট্টগ্রামের দামপাড়ার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে।

Ad 300x250

সম্পর্কিত