সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

সংসদে প্রশ্নের উত্তর দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংসদ বাংলাদেশ টিভি
সংসদে প্রশ্নের উত্তর দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংসদ বাংলাদেশ টিভি

মেট্রোরেল রুটের ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল শনাক্ত হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের অষ্টম দিনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

শেখ রবিউল আলম বলেন, ‘সেফটি অডিট কমিটির প্রতিবেদন অনুযায়ী, মেট্রোরেল রুটের ৭৩০টি বিয়ারিং প্যাডের সবগুলোই ক্রিটিক্যাল নয়। বিয়ারিং প্যাডের ১৪৭টির ত্রুটি মাইনর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২৯৭টি প্যাডের ক্ষেত্রে ত্রুটি মূলত স্থাপন ওয়ার্কম্যানশিপ সংক্রান্ত। ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। অডিট কমিটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল চিহ্নিত হয়েছে।’

তিনি বলেন, ‘সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে বিয়ারিং প্যাডের স্থানচ্যুতির মতো সমস্যা হতে পারে এমন ১০টি ক্ষেত্রে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। ২৭টি বিয়ারিং প্যাডের ক্ষেত্রে সেটেলমেন্ট মার্কার বসানো হয়েছে। ২৭টি বিয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘৪৬টি পিলারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটলের ঝুঁকি নিরূপণ ও মেরামত কৌশল নির্ধারণে বুয়েটকে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ করা হচ্ছে। স্থাপনার স্ট্রাকচারাল ক্র্যাক পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানো হচ্ছে।’

কর্ণফুলী টানেল ঘিরে বিনিয়োগে নতুন উদ্যোগ

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘কর্ণফুলী টানেলকে শুধু একটি যোগাযোগ অবকাঠামো হিসেবে বিবেচনা না করে দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, পর্যটন বিকাশ এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।’

প্রকল্পটি নির্মাণ ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উত্থাপিত হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।’

বিআরটিসির ১২৬ বাস অচল

সংরক্ষিত আসনের সানজিদা ইসলামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, বর্তমানে দেশে বিআরটিসির বাস সংখ্যা এক হাজার ২৯৮টি এবং ট্রাক ৫২৫টি। এর মধ্যে সচল বাস এক হাজার ১৭২টি ও অচল ১২৬টি। সচল ট্রাক ৪৯৪টি এবং অচল ৩১টি।

মহিলা বাস বাড়াতে আসছে ১০০ ইভি

সংরক্ষিত আসনের শওকত আরা আক্তারের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, ‘ঢাকা, বগুড়া ও চট্টগ্রাম শহরে ১৩টি রুটে ১৪টি মহিলা বাস (পিংক বাস) সার্ভিস পরিচালনা করা হচ্ছে। সারা দেশে মহিলা বাস সার্ভিস সম্প্রসারণের লক্ষ্যে আরও ১০০টি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) আমদানির কার্যক্রম চলমান রয়েছে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত