থানচিতে বিদ্যালয়ের পাশ থেকে অস্ত্রের মুখে প্রধান শিক্ষককে অপহরণ
স্ট্রিম সংবাদদাতাবান্দরবান

বান্দরবানের থানচিতে অস্ত্রের মুখে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাই অং প্রু মারমাকে (৬১) অপহরণের অভিযোগ উঠেছে। কয়েকজন অস্ত্রধারী বিদ্যালয়ে এসে তার পরিচয় নিশ্চিতের পর অস্ত্রের মুখে একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে নিয়ে যায়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাইন্দারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন থানচি থানার ওসি কানন সরকার। স্থানীয়দের বরাতে ওসি বলেন, জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটে থাকতে পারে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক উ নু থোয়াই মারমা জানান, দুপুরে কয়েকজন অস্ত্রধারী একটি ইঞ্জিনচালিত নৌকায় প্রথমে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে খুঁজতে থাকেন। পরে বিদ্যালয়ের পাশের একটি চায়ের দোকানে গিয়ে তার পরিচয় নিশ্চিত হয়। এরপরই অস্ত্রের মুখে তাকে নৌকায় তুলে অজ্ঞাতস্থানের দিকে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়ার সময় তার (উ নু থোয়াই) কাছ থেকে একটি মোবাইল ফোনও নিয়ে যায় তারা। তবে কোন সশস্ত্র গোষ্ঠী ও কী কারণে প্রধান শিক্ষককে নিয়ে যাওয়া হয়েছে, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
প্রধান শিক্ষক চাই অং প্রু মারমার পরিবার সূত্রে জানা গেছে, অপহরণের প্রায় এক ঘণ্টা পর তিনি স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। এ সময় তিনি বলেন, তাকে কোথায় নিয়ে যাচ্ছে, তিনি জানেন না। তবে তিনি ফিরে আসবেন বলে পরিবারকে আশ্বস্ত করার চেষ্টা করেন।
প্রধান শিক্ষকের এক আত্মীয় নাম না প্রকাশের শর্তে স্ট্রিমকে বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে জায়গাজমি নিয়ে তার বিরোধ ছিল।
এদিকে ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপহৃত প্রধান শিক্ষককে উদ্ধারে সম্ভাব্য বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। ওসি কানন সরকার বলেন, দুপুর ১২টা দিকে একটি সশস্ত্র দল নাইদারীপাড়া স্কুলে হানা দিয়ে প্রধান শিক্ষককে সাঙ্গু নদীপথে অপহরণ করে নিয়ে যায়। তাকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। কী কারণে তাকে অপহরণ হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
.png)






