লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মগবাজার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালের কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরায় কার্যক্রম শুরুর শর্তগুলো হলো— ‘দি মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিধান যথাযথভাবে মেনে চলা এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্ধারিত শর্ত মানতে ব্যর্থ হলে সরকার যেকোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, হাসপাতাল কর্তৃপক্ষের আপিল ও আপিলের অধিকতর বিবরণীর বিষয়ে তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই সরেজমিন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

হাসপাতালের কার্যক্রম কবে থেকে চালু হবে জানতে চাইলে আদ-দ্বীন হাসপাতালের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম বলেন, ‘আজ মাত্র চিঠি এলো। আমরা মিটিংয়ে বসব। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল আবার সচল হবে। তবে মিটিংয়ের সময়ের ব্যাপারে এখনো নিশ্চিত নই।’

Ad 300x250

সম্পর্কিত