খুলনায় জুট প্রেস শ্রমিককে গুলি করে হত্যা
স্ট্রিম সংবাদদাতাখুলনা

খুলনা নগরীর দৌলতপুরে আব্দুল জলিল মুন্সি (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দৌলতপুরের কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে।
আব্দুল জলিল কুলিবাগান এলাকার দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
দৌলতপুর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে দৌলতপুরের কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন জলিল। এ সময় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশান) এম এম শাকিলুজ্জামান বলেন, নগরের অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার। বেশিরভাগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
.png)






