
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
গুলশান থানার ওসি দাউদ হোসেন জানান, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১ এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করা হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাতকে (২০) গ্রেপ্তার এবং পাঁচটি ককটেল জব্দ করা হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শুক্রবার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। তারা জয় বাংলা স্লোগান দেন। একপর্যায়ে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে এই বিক্ষোভ হয়।
ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেতের নেতৃত্বে মিছিল হয়। গুলশান-১ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে গুলশানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কাজী জিয়াউদ্দিন বাসেত বলেন, আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে গুলশান থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম মনার নেতৃত্বে মিছিল হয়। মিছিলটি গুলশানের ৯৫ নম্বর সড়কের সামনে থেকে শুরু হয়ে গুলশান-২ হয়ে গুলশান-১ এর দিকে যায়।
উত্তরা থেকে গ্রেপ্তার চার
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন– জুনায়েদ মৃধা (১৯), রাকিবুল হাসান (২৩), সাজ্জাদ হোসেন (১৯) ও মো. আব্দুল্লাহ (১৯)।
উত্তরা পশ্চিম থানা জানায়, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল গিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মিছিলের একটি ব্যানার জব্দ করা হয়।






