মুক্তাগাছায় পেট্রোল ঢেলে যুবকের গায়ে আগুন, হাসপাতালে মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৫৬
নিহত ফরহাদ হোসেন (৩৫)। ছবি: সংগৃহীত
নিহত ফরহাদ হোসেন (৩৫)। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুই ব্যক্তি। প্রাণ বাঁচাতে পাশের জলাশয়ে লাফ দেন তিনি। বৃহস্পতিবার হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌরশহরের মধ্যহিস্যা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তার গ্রামের বাড়ি উপজেলার তারাটি ইউনিয়নের মৌশাদিয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে কিছুটা দূরে যাওয়ার পর অজ্ঞাত দুই ব্যক্তি পেছন থেকে ফরহাদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। শরীরের আগুন নেভাতে ফরহাদ পাশের জলাশয়ে লাফ দেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফরহাদের বাবা আব্দুস সাত্তার বলেন, ফরহাদ সামাজিক আন্দোলন ও মাদকের বিরুদ্ধে সক্রিয় ছিল। এসব নিয়ে কিছু লোকের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটতে পারে।

মৃত্যুর আগে পুলিশকে ঘটনার বিবরণ দিয়েছেন ফরহাদ। মুক্তাগাছা থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, ফরহাদ পুলিশকে জানিয়েছেন, নির্জন স্থানে পৌঁছানোর পর একজন পেছন থেকে তার শরীরে পেট্রোল ঢালেন এবং অপরজন আগুন ধরিয়ে দেন। তবে হামলাকারীদের তিনি চিনতে পারেননি। হত্যাকারীদের ধরতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত