হাজিদের টাকা ফেরত দেওয়ার নজির গড়েছে সরকার: সংসদে ধর্মমন্ত্রী
স্ট্রিম প্রতিবেদকঢাকা

হজ ফ্লাইটের ভাড়া সব সময় বাড়ে, কিন্তু এই সরকার তা কমিয়ে ইতিহাস গড়েছে। এমনকি সরকারিভাবে যাওয়া হাজিদের বেঁচে যাওয়া টাকা ফেরত দেওয়ার নজিরও গড়েছে বর্তমান সরকার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী বলেন, ‘ইতিহাস বলে ভাড়া কখনও কমে না, ভাড়া বাড়ে। কিন্তু এই সরকার প্রমাণ করেছে, হাজিদের জন্য ভাড়া কমে। ২০২৩ সালে বিমানের ভাড়া ছিল ১ লাখ ৯৭ হাজার টাকা। আর এখন ১ লাখ ৩০ হাজার। প্রধানমন্ত্রীর নির্দেশেই এটা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এ খাবার ছাড়া খরচ ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। ২০২৭ সালে ৭৫ হাজার ৩৩৪ টাকা কমিয়ে এটি ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা করা হয়েছে। গত বছর হজ প্যাকেজ-২-এর খরচ খাবার ছাড়া ছিল ৫ লাখ ৫৮ হাজার টাকা। খাবারের ২৯ হাজার টাকার প্যাকেজ যুক্ত করা হলেও এবার তা কমিয়ে ৫ লাখ ৫ হাজার টাকা করা হয়েছে।
সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিদের বেঁচে যাওয়া অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর পূর্ণাঙ্গ ও শর্ট প্যাকেজের হাজিদের যথাক্রমে ৩৮ হাজার ৬৯৭ ও ৪৬ হাজার ৮৮৮ টাকা ফেরত দেওয়া হয়েছে। আর প্যাকেজ-২-এর হাজিদের জনপ্রতি সর্বনিম্ন ২ হাজার ৫০৫ টাকা থেকে সর্বোচ্চ ৭৮ হাজার ৭১৩ টাকা এবং প্যাকেজ-৩-এর পূর্ণাঙ্গ প্যাকেজের হাজিদের জনপ্রতি ৩ হাজার ৭১৮ টাকা ফেরত দেওয়া হয়েছে। হাজিদের বেঁচে যাওয়া টাকা ফেরত দেওয়ার ইতিহাস পৃথিবীর কোথাও নাই।
.png)






