
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা দেশে ফেরার জন্য বিমানবন্দরে যাচ্ছিল বলে জানা গেছে।
নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের আব্দুল করিম (৫২) ও খালিদ আহমদ (৫৫), সুনামগঞ্জের আমিন উদ্দিন (৪৮) ও কুমিল্লার শাহ আলম। তাদের মরদেহ সৌদির আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞতি সূত্রে জানা গেছে।
জানা গেছে, রিয়াদ–তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজ থেকে প্রায় সাত কিলোমিটার দূরে আল-হাওয়িয়াহর এলাকায় তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুঘটনায় পড়ে। এতে গাড়ির চালকসহ চার বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন।
নিহত একজনের স্বজন ইসলাম উদ্দিন বলেন, দেশে ফেরার জন্য আব্দুল করিম ও খালিদ আহমদ প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের সঙ্গে দেখা করার স্বপ্ন নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই তাদের শেষ যাত্রা হয়ে গেল।
দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, দুই প্রবাসীর মৃত্যুর খবর পেয়ে তিনি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিদের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের পরিবারকে সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
.png)






