বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফিরিয়ে শাস্তি নিশ্চিত করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫১
মঙ্গলবার জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
মঙ্গলবার জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এমপি জহরত আদিব চৌধুরী ও আখতার হোসেন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে জানতে চাইতে তিনি একথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘একজন জুলাইযোদ্ধার ওপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর হামলা। ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রখ্যাত বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির ভেনিস শহরে একটি পার্কে ভাই, ভাবি ও চার বছরের শিশুকে নিয়ে হাঁটছিলেন। এ সময় বাংলাদেশ থেকে বিতাড়িত সন্ত্রাসী ও আওয়ামী লীগের কর্মীরা তার ওপর কাপুরুষোচিত হামলা চালায়।’

তিনি আরও বলেন, ‘আমি আজ সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। আমরা ইতালির পুলিশকে বিষয়টি জানিয়েছি এবং বাঁধনকে সর্বোচ্চ কনস্যুলার সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছি। প্রধানমন্ত্রীর পক্ষে আজ বিকেলে বাঁধনের সঙ্গে কথাও বলেছি এবং আমাদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছি।’

ভেনিসের স্থানীয় পুলিশ তাৎক্ষণিক সাড়া দিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছেন। ইতালির পুলিশ ও দূতাবাসের কাছে বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ দেবেন। এরপর দূতাবাস ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অত্যন্ত জোরালোভাবে বিষয়টি তুলে ধরবে।’

অপরাধীদের দেশে ফিরিয়ে আনা হবে জানিয়ে তিনি বলেন, ‘সরকার এই সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে পিছপা হবে না। যারা আমাদের কোষাগার লুট করে, মানুষ হত্যা করে দেশ থেকে পালিয়েছে, আইনের হাত ব্যবহার করে তাদের দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ ব্যবস্থা আমরা করব।’

ভেনিস চলচ্চিত্র উৎসব যোগ দিতে সপরিবারে ইতালিতে আছেন অভিনেত্রী বাঁধন। সোমবার রাতে ইতালির একটি পার্কে পরিবারের সঙ্গে ঘোরাফেরার সময় তাঁর ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও বঙ্গবন্ধুর সৈনিক পরিচয়ে হামলা-হেনস্তার অভিযোগ করেন বাঁধন। পরে ফেসবুক লাইভে বাঁধন জানান, ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে তাঁকে শারীরিকভাবে আঘাত, গায়ে পচা ডিম, পানি ও কোমল পানীয় নিক্ষেপ করা হয়।

বিষয়টি সংসদের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী বলেন, বাঁধনকে শারীরিকভাবে আক্রমণ ও মৌখিকভাবে হেনস্তা করা হয়েছে। এর একমাত্র কারণ, তিনি একজন জুলাইযোদ্ধা এবং জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা সামাজিক মাধ্যমে নিজেদের যে ঔদ্ধত্য দেখিয়েছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশে না থাকলেও পৃথিবীর যেকোনো জায়গায় তারা আইনশৃঙ্খলা ভঙ্গ করতে পারবে এবং একজন নারীর ওপর হামলা চালাতে পারবে।

তিনি আরও বলেন, ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা হামলাকারীদের শনাক্ত করেছেন। আমি জানতে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে এবং ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের সঙ্গে যোগাযোগ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ কীভাবে নেওয়া হচ্ছে।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কাউকে সংসদে দেখা যাচ্ছে না। তারা এলে এ বিষয়ে তাদের বক্তব্য শোনা হবে।’

এর কিছুক্ষণ পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে উপস্থিত হলে ডেপুটি স্পিকার তাঁর কাছে বিষয়টি তুলে ধরেন এবং প্রশ্ন-উত্তর পর্ব শেষে তাঁর জবাব শোনা হবে বলে জানান। প্রশ্ন-উত্তর পর্ব শেষ হলে আবারও বিষয়টি তুলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জবাব দেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত