গণসংহতি থেকে সরে দাঁড়ালেন জোনায়েদ সাকি, ভারপ্রাপ্ত সমন্বয়কারী নীলু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৩: ০১
সংবাদ সম্মেলনে কথা বলছেন জোনায়েদ সাকি

সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ায় দলীয় নীতি সমুন্নত রাখতে ‘গণসংহতি আন্দোলন’র প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

জোনায়েদ সাকির পদত্যাগের পর দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে প্রবীণ রাজনীতিক দেওয়ান আবদুর রশীদ নীলুকে।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি জানান, গণসংহতি আন্দোলনের একটি দীর্ঘদিনের নীতিগত অবস্থান রয়েছে যে—দলের প্রধান যদি কখনো সরকারে যোগ দেন, তবে তিনি আর দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন না। দল ও সরকারকে আলাদা রাখার এই চর্চা দেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির অংশ।

তিনি বলেন, ‘মওলানা ভাসানী বলতেন, ক্ষমতার ঘোড়ায় জনগণের চাবুক থাকতে হবে। দল ও সরকার একাকার হয়ে গেলে জনগণের সঙ্গে বিচ্ছিন্নতা তৈরি হয়। জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতেই আমরা এই সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়ন করছি।’

তবে প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেও সাকি দলটির ‘রাজনৈতিক পরিষদ’র সদস্য হিসেবে সক্রিয় থাকবেন।

গত বছরের ৩ নভেম্বর দলের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছিলেন। এরপর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে দলটির প্রতীক ‘মাথাল’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপির নতুন সরকার প্রথমে তাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হলেও বর্তমানে তিনি শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এদিকে দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পাওয়া দেওয়ান আবদুর রশীদ নীলু ২০১০ সাল থেকে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বরিশালের এই প্রবীণ নেতা দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলনকে রাজনীতিকৃত করতে ভূমিকা পালন করেছেন। সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি আবদুর রশীদ নীলুকে সকলের সামনে পরিচয় করিয়ে দেন এবং তাকে সহযোগিতার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৮ মে গণসংহতি আন্দোলনের একটি বিশেষ সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে পরবর্তী প্রধান সমন্বয়কারী ও নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত করা হবে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত দেওয়ান আবদুর রশীদ নীলুই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে দলটির অন্যান্য কেন্দ্রীয় নেতারা ও রাজনৈতিক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত