
সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ কুরআন ও সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বিলটি সংশোধনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এই বিলে রাষ্ট্রপতিকে স্বাক্ষর না করার অনুরোধ জানান।
বিবৃতিতে বলা হয়, ‘জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান’ নামের প্রস্তাবিত নতুন পদ্ধতিতে পিতামাতার কাছ থেকে সন্তান সম্পত্তি পেলেও দাতার মৃত্যুর আগে গ্রহীতা মারা গেলে তা গ্রহীতার ওয়ারিশদের কাছে চলে যাবে। বাহ্যিকভাবে বিষয়টি ইতিবাচক মনে হলেও এটি ইসলামি ফরায়েজ ও উত্তরাধিকার আইনের সরাসরি লঙ্ঘন এবং এতে অন্য উত্তরাধিকারীদের বঞ্চিত করার সুযোগ তৈরি হবে।
হেফাজত নেতা বলেন, বিলটি সংসদে তোলার আগে শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত ছিল। দাতা যদি আজীবন ভোগদখল বা জীবনস্বত্ব সংরক্ষণ করেন, তবে তা হেবার মূলনীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
বিবৃতিতে ধর্ম মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের নিরবতার সমালোচনা করে বলা হয়, ধর্মীয় বিধি-বিধানে হাত দিয়ে ধর্মপ্রাণ মানুষকে বিক্ষুব্ধ না করে অবিলম্বে বিলটি সংশোধন করতে হবে।







