আর্থিক বিতর্কের মধ্যে পদ ছাড়লেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

নেপালের পদত্যাগ করা স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। ছবি: সংগৃহীত

ব্যবসায়িক সম্পৃক্ততা নিয়ে বিতর্ক শুরুর পর পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। অর্থ পাচারের অভিযোগ ওঠা দেশটির ব্যবসায়ী দীপক ভাট্টার সঙ্গে সুদান গুরুংয়ের ব্যবসায়িক সম্পর্ক সম্প্রতি আলোচনায় আসে। এরপর আজ বুধবার তিনি পদত্যাগ করেন। খবর কাঠমান্ডু পোস্টের।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদত্যাগের কথা নিশ্চিত করেছেন সুদান গুরুং। এক পোস্টে তিনি লেখেন, ‘আমার সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলোর একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত এবং পদে থাকাকালে যাতে স্বার্থের সংঘাত বা তদন্তপ্রক্রিয়ায় কোনো প্রভাব না পড়ে, তা এড়াতেই আমি আজ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ছি।’

শেয়ার ব্যবসাসহ তাঁর বিনিয়োগ নিয়ে জনমনে যেসব প্রশ্ন উঠেছে, তা তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলেও জানান।

ব্যবসায়ী ভাট্টার সঙ্গে ব্যবসায়িক সম্পৃক্ততার অভিযোগ তদন্তে সহযোগিতার কথা জানিয়ে তিনি ওই পোস্টে লিখেছেন, ‘আমার কাছে পদের চেয়ে নৈতিকতা বড় এবং জনগণের আস্থার চেয়ে বড় কোনো শক্তি নেই। দেশে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে চলমান “জেন জি” আন্দোলনও এই বার্তা দিচ্ছে—জনপ্রতিনিধিদের ভাবমূর্তি পরিচ্ছন্ন হতে হবে এবং নেতৃত্বকে জবাবদিহিমূলক হতে হবে। আমার ৪৬ ভাইবোনের রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত সরকার নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, তবে তার উত্তর হলো এই নৈতিকতা।’

অবশ্য গত সোমবার এক ফেসবুক পোস্টে গুরুং বলেছিলেন, ‘প্রচুর গুজব’ ছড়ানো হচ্ছে। তিনি জল্পনাকল্পনা থেকে সত্যকে আলাদা করার ওপরও জোর দেন।

নেপালে গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসা বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন সরকারে এটি দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগের ঘটনা। এর আগে ৯ এপ্রিল তৎকালীন শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার সাহকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী শাহ। ‘আচরণবিধি ও শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে নিজ দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) তাঁকে বরখাস্তের সুপারিশ করেছিল।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত