ইরানের সঙ্গে ১ সপ্তাহের মধ্যে চুক্তির কথা আবারও বললেন ট্রাম্প

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এক্স থেকে নেওয়া

ইরানের সঙ্গে একটি চুক্তি আগামী এক সপ্তাহের মধ্যে হতে পারে বলে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ এখনো রয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। খবর সিএনএনের।

এর আগে লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছিল ইরান। সোমবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এই তথ্য জানায় সিএনএন।

তাসনিম জানিয়েছিল, লেবানন ইস্যুতে যতক্ষণ না ইরান এবং আঞ্চলিক অংশীদারদের দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ কোনো ধরনের আলোচনা হবে না।

ওই প্রসঙ্গে ট্রাম্প বলেন, আজ একটি ছোটোখাটো সমস্যা হয়েছিল, কিন্তু আমি খুব দ্রুত সেটি সামলে নিয়েছি। আপনারা সম্ভবত বিষয়টি লক্ষ্য করেছেন।

এর আগে ট্রাম্প দাবি করেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননের রাজধানী বৈরুতে ‘একটি বড় ধরনের হামলা’ চালানো থেকে বিরত রেখেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সম্ভাব্য একটি শান্তি চুক্তি (ইরানের সঙ্গে) সামরিক বিজয়ের চেয়েও বড় অর্জন হতে পারে। তবে তিনি স্বীকার করেন, বিষয়টি সহজ নয়।

ট্রাম্প আরও বলেন, কিন্তু আমরা যা যা প্রয়োজন, তা অর্জন করছি।

এদিকে, লেবানন ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন বলেও সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেন, নতুন করে বিমান হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই নেওয়া হয়েছে। মূলত মার্কিন-ইসরায়েলি এই সমন্বিত পদক্ষেপই ইরানকে আলোচনার টেবিল ছেড়ে উঠে যেতে বাধ্য করেছে।

গত এপ্রিলে যুদ্ধবিরতির শুরুতে লিতানি নদীর দক্ষিণে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনী সম্প্রতি নদী পেরিয়ে নাবাতিয়েহ শহরের উপকণ্ঠে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, লেবাননে দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ভিত্তি গড়ে তুলছে ইসরায়েল।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত