ইউনিয়ন প্রতি একজন ও উপজেলায় ৪ পশুচিকিৎসক নিয়োগ দেবে সরকার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪১
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নের উত্তর দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংসদ বাংলাদেশ টিভি
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নের উত্তর দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংসদ বাংলাদেশ টিভি

প্রতি ইউনিয়নে একজন এবং উপজেলায় চারজন করে পশুচিকিৎসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের আনা নোটিশের জবাবে তিনি এ কথা জানান।

সংসদে নোটিশ উপস্থাপন করে কামরুল হাসান বলেন, ‘উপজেলা পশু হাসপাতালকে ইমার্জেন্সি সার্ভিস হিসেবে ঘোষণা ও উপজেলা লেভেলে সর্বনিম্ন ৪টি ভেটেরিনারি সার্জন পোস্ট তৈরি এবং ইউনিয়ন পর্যায়ে একজন করে ভেটেরিনারিয়ান নিয়োগ দেওয়া হবে কিনা এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি।’

নোটিশের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আমরা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছি। আমরা প্রত্যেক উপজেলায় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের কার্যক্রম চলমান রয়েছে। জরুরি সেবা যেন দিতে পারি সে বিষয়ে আমরা ভ্রাম্যমাণ মোবাইল ক্লিনিক সার্ভিস দিয়ে যাচ্ছি। লোক নিয়োগের বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং লোক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আমরা এই লোক নিয়োগ দিতে সক্ষম হবো।’

এরপর প্রশ্ন করার সুযোগ পেয়ে এই সংসদ সদস্য বলেন, ‘অর্গানোগ্রামসহ নানা জটিলতায় অনেক সময় নিয়োগে দেরি হয়। অনেক সময় লাগে। আমি প্রতিমন্ত্রীর কাছে জানতে চাই, গ্রাম বাংলার প্রতিটি ইউনিয়নে একটি করে ভেটেরিনারি ক্লিনিক স্থাপন করা হবে কিনা।’

এ সময় উত্তর দিতে দাঁড়িয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘গত কুরবানির ঈদে প্রান্তিক খামারিরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি। পশু যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় হাটগুলোতে আমরা ভেটেরিনারি সার্জনদের দিয়ে সার্বক্ষণিকভাবে মনিটরিং করেছি এবং চিকিৎসাসেবা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘নোটিশে যে বিষয়টি অবগত করা হয়েছে যে ইউনিয়ন প্রতি যাতে একজন করে পশুচিকিৎসক নিয়োগ দেওয়া হয়। সে প্রক্রিয়া চলছে এবং উপজেলা ভিত্তিক চারজন করে নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত হচ্ছে। প্রায় সর্বশেষ পর্যায়ে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ এটি করতে সক্ষম হবো।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত