ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, টেরও পাবেন না: নাহিদ
স্ট্রিম সংবাদদাতাবরিশাল
-8723c2-480x270.webp)
সরকারি চাকরিতে ভাইভায় নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এক কোটা ইস্যুতে শেখ হাসিনা এখন দিল্লিতে। ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, টের পাবেন না।’
বুধবার (৯ সেপ্টেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘জুলাই ৩৬ কুইজ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী ও ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘ভাইভায় প্রায় ৪০০ শতাংশ নম্বর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই উদ্যোগ নেওয়া হলে পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা সরকার নিজেও বুঝতে পারবে না। এক কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন। ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না।’
জুলাই গণঅভ্যুত্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহাসিক লড়াই করেছেন। অনেক শিক্ষকও সেই লড়াইয়ের পক্ষে ছিলেন।
দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি বলেন, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেই শিক্ষার কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হবে না। বিভাগীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুললে এর সুফল পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও দলটির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতুসহ দলের নেতাকর্মীরা।
.png)






