থানা থেকে লাপাত্তা এসআই, পুলিশও পাচ্ছে না খোঁজ
স্ট্রিম প্রতিবেদকঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার এসআই রাকিবুল হাসান সরকারের (৩২) সন্ধান এখনো মেলেনি। নিখোঁজ নয়, রাকিব আত্মগোপনে আছেন দাবি করলেও পুলিশ গত ৯ দিনেও তাঁর কোনো সন্ধান পায়নি।
শুক্রবার (৮ মে) কলাবাগান থানার ওসি ফজলে আশিক স্ট্রিমকে জানান, রাকিবের খোঁজ পেতে তাঁরা নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো তাঁর কোনো খোঁজ মেলেনি।
তিনি বলেন, ‘থানা থেকে যাওয়ার পরই রাকিবের ফোন বন্ধ। তবে এর মধ্যে রাজধানীর গুলিস্তান এলাকায় ইসলামী ব্যাংকের বুথ থেকে তিনি ৫ হাজার টাকা তুলেছেন- এই তথ্য পওয়ার পর থেকে আমাদের ধারণা, রাকিব নিখোঁজ নন, আত্মগোপনে আছেন।’
গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে নাইট ডিউটির কথা বলে কলাবাগান থানার ব্যারাক থেকে সাদাপোশাকে বের হন। পরে আবার ব্যারাকে ঢোকেন। তবে রাত পৌনে ৮টার দিকে নাইট ডিউটি আছে বলে আবার সাদাপোশাকে ব্যারাক ছাড়েন। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ। বর্তমানে থানায় তাঁকে অনুপস্থিত দেখানো হচ্ছে।
ওসি জানান, রাকিব পরিবারের কাছেও ফেরেননি। কোথায় আছেন, সে তথ্য আমরা জানি না। তবে ব্যারাকে তিনি যাদের সঙ্গে থাকতেন, তাঁরা জানিয়েছেন– চাকরি নিয়ে রাকিব হতাশায় ছিলেন। চাপ সামলানো নিয়ে কষ্টের কথাও সঙ্গীদের বেশ কয়েকবার বলেছেন।
কলাবাগান থানা সূত্র জানায়, পুলিশে যোগদানের আগে রাকিব আয়কর বিভাগে ছিলেন। ওই চাকরি ছেড়ে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) যোগ দেন। এক মাস আগে রাকিব কলাবাগান থানায় যোগ দেন।
ওসি আরও বলেন, ব্যারাক থেকে বের হওয়ার সময় রাকিবুলের সঙ্গে মোবাইল ফোন ও চার্জার ছিল। কোনো অস্ত্র ছিল না। এই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তাঁর সন্ধানে সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যরাও রাকিবের কোনো খোঁজ জানেন না বলে জানিয়েছেন। পরিবারসহ আমরা সবাই উদ্বিগ্ন।
.png)
-028855-256x144.webp)





