জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

সাংবাদিকদের পেশাদারত্বের বিষয়ে আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৫৯
‘গণমাধ্যম উৎসব ২০২৬’-এ কথা বলছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

সাংবাদিকদের পেশাদারত্বের বিষয়ে আপসহীন হওয়ার এবং কোনো অবস্থাতেই আর দলীয় লেজুড়বৃত্তি না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জুলাই রেভল্যুশনারি জার্নালিস্ট আয়োজিত ‘গণমাধ্যম উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা হতাশা প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও একটি গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার অধ্যাদেশ করা সম্ভব হয়নি। বর্তমান সরকার সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে এই দুটি অধ্যাদেশ জারির চেষ্টা করছে। সময় স্বল্প হলে অন্তত চূড়ান্ত খসড়া প্রস্তুত করে যাওয়া হবে, যা বর্তমানে জনমতের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

এসময় তিনি সাংবাদিকদের হুমকি-ধামকির ভাষা পরিহার করে পেশাদারত্বের মাধ্যমে নিজেদের সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সাংবাদিকদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সাংবাদিকতার মূল লক্ষ্য হতে হবে বস্তুনিষ্ঠতা। শুধু স্বৈরাচার নয়, স্বৈরাচারী ব্যবস্থা যেন আর কখনো ফিরে না আসতে পারে, সেদিকে সাংবাদিকদের সজাগ থাকতে হবে। সংবিধানে স্বীকৃত বাকস্বাধীনতা ও সংগঠন করার স্বাধীনতাকে অন্তরে ধারণ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান বলেন, সাংবাদিকদের সম্মানজনক জীবিকা নিশ্চিত করতে হবে যেন ফ্যাসিবাদ তাদের ব্যবহার করতে না পারে।

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মাহবুব আলম, বিএফইউজের ওবায়দুর রহমান শাহীন এবং ডিইউজের শহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতারা। অনুষ্ঠানে আসন্ন গণভোট ও নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতার জন্য একটি হটলাইন নম্বর (০৯৬৪৪১১১৪৪৪) উদ্বোধন করা হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত