সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান আইজিপির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২: ৩১
সভায় কথা বলছেন আইজিপি মো. আলী হোসেন ফকির

বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি শক্তিশালী ও জনবান্ধব করতে প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২০ এপ্রিল) সিআইডি সদর দপ্তরে আয়োজিত দুই দিনব্যাপী ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা’ সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

আইজিপি তাঁর বক্তব্যে সিআইডিকে দেশের অপরাধ তদন্ত ব্যবস্থার ‘এপেক্স বডি’ বা ‘সর্বোচ্চ সংস্থা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘তদন্তের গতি ও গুণগত মান নিশ্চিত করা জনগণের উচ্চ প্রত্যাশার অংশ। তাই মামলার সময়মতো নিষ্পত্তি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।’ একটি সফল জাতীয় নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে পুলিশ বাহিনী জনগণের প্রশংসা কুড়িয়েছে এবং নতুন আত্মবিশ্বাস অর্জন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো জসিম উদ্দিন খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ বাহিনীর নৈতিকতা নিয়ে আইজিপি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি ব্যক্তিগত স্বার্থ বা অনৈতিক কার্যকলাপ থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলেছেন সদস্যদের।

মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন আইজিপি। তিনি বলেছেন, পুলিশের ৯৯ শতাংশ সদস্য সৎ, তাই গুটিকয়েক সদস্যের অনিয়মের কারণে পুরো বাহিনীর ইমেজ যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে নজর দিতে হবে।

আইজিপি আরও বলেছেন, ‘সম্মিলিত প্রচেষ্টা, স্বচ্ছতা এবং পেশাদারত্বই পারে পুলিশ বাহিনীকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে।’

সিআইডির তদন্ত কার্যক্রমকে আরও আধুনিক ও বিজ্ঞানসম্মত করার অঙ্গীকারের মধ্য দিয়ে এই পর্যালোচনা সভা শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, গত দুই দিনের সভায় জেলা ও বিশেষায়িত ইউনিটগুলোর অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী তিন মাসের জন্য একটি বাস্তবসম্মত ‘ফলোআপ পরিকল্পনা’ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা পারবো এবং আমাদের পারতেই হবে’—এই প্রত্যয় নিয়ে কুইক রেসপন্স টিম ও বিজ্ঞানভিত্তিক তদন্ত পদ্ধতি অনুসরণে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিআইডির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সাহসী ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। সভায় সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত ছিলেন।

সম্পর্কিত