আগামী ৩ মাস প্রতি শনিবার জাতীয়ভাবে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২০
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিবৃতি দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: পিআইডি
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিবৃতি দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: পিআইডি

আগামী তিন মাস প্রতি শনিবার জাতীয়ভাবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

মীর শাহে আলম বলেন, ‘ডেঙ্গুর সবচেয়ে এলার্মিং সময় হচ্ছে, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাস। দেশে এই পর্যন্ত আক্রান্ত হওয়া রোগীর দ্বিগুন সংখ্যক মানুষ এই ৩ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আগামী ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী এই কর্মসূচি উদ্বোধন করবেন। একই সময় ১১টি সিটি কর্পোরেশন, ৩৩০টি পৌরসভা, ৬৪টি জেলা প্রশাসন, ৫০৩টি উপজেলা প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠনদের সঙ্গে নিয়ে এ কার্যক্রম শুরু করবেন।’

প্রতি শনিবারের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘কার্যক্রমটি উদ্বোধন হওয়ার পর থেকে সপ্তাহে প্রত্যেক শনিবার সারাদেশে এই কার্যক্রমটি জাতীয়ভাবে পরিচালিত হবে। এছাড়া প্রত্যেকদিন সিটি কর্পোরেশন ও পৌরসভা এই কার্যক্রম পরিচালনা করবেন।’

ডেঙ্গু রোগীর পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘পহেলা জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারাদেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলো ৪৫ হাজার ৪৭৫ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ১৩০ জন, বর্তমান চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২১৮ জন।’

সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, ‘সিলেট, রাজশাহী ও রংপুর ব্যতিত বাকি বিভাগগুলোতে এলার্মিং অবস্থায় রয়েছে এই রোগ। এ জন্য আমি সংসদ সদস্যদের অনুরোধ করবো আপনারা জনগণের প্রতিনিধি হিসেবে এই রোগের বিষয়ে জনগণকে সচেতন করবেন। যাতে এডিস মশা ডিম পারতে পারে এমন জায়গাগুলো পরিস্কার রাখা হয়।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত