নির্বাচনের সময় কোনো বেআইনি নির্দেশনা যাবে না: সিইসি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৫
রাজারবাগ পুলিশ লাইন্সে স্থানীয় নির্বাচনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন সিইসি। সংগৃহীত ছবি
রাজারবাগ পুলিশ লাইন্সে স্থানীয় নির্বাচনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন সিইসি। সংগৃহীত ছবি

স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনকারী কাউকে নির্বাচন কমিশন (ইসি) থেকে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে স্থানীয় নির্বাচনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সিইসি বলেন, ১৩তম জাতীয় নির্বাচনের মতো এবারও সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি বদ্ধপরিকর।

তিনি উল্লেখ করেন, নির্বাচন পরিচালনা করা কমিশনের যেমন সাংবিধানিক দায়িত্ব, তেমনি কমিশনকে সহায়তা করা পুলিশ ও প্রশাসনেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব।

সিইসি আরও বলেন, নির্বাচনের সময় ইসি থেকে কোনো বেআইনি নির্দেশনা যাবে না—এর পূর্ণ গ্যারান্টি দেওয়া হচ্ছে। পুলিশ ও প্রশাসন উভয়েই একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার ওয়াদা করেছে।

পুলিশের সীমাবদ্ধতার কথা তুলে ধরে সিইসি বলেন, পুলিশ বাহিনীর গাড়ির অভাব রয়েছে এবং নির্বাচনের সময় তাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। গণঅভ্যুত্থানের সময় তাদের অনেক গাড়ি পুড়ে গেছে, যেগুলোর প্রতিস্থাপন এখনো হয়নি। এই স্বল্পতার বিষয়টি পুলিশ জানিয়েছে। এছাড়া তাদের প্রশিক্ষণের জন্য প্রায় ২২ কোটি টাকা প্রয়োজন, যা রেগুলার ফান্ড থেকে বহন করা কঠিন হওয়ায় তারা কিছু ফান্ডের আবেদন করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পরিস্থিতি নতুন নয়, যা ২৪-এর জুলাই-আগস্ট ও ১৩তম জাতীয় নির্বাচনের সময়ও ছিল। বর্তমান পরিস্থিতি তার চেয়ে খারাপ নয়। পুলিশের ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, তারা প্রতিশ্রুতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকলে অবশ্যই সফল হবে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের পথে বাঁধা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনকালে সিসি ক্যামেরা, বডি ওর্ন ক্যামেরা এবং অনলাইন ডিজিটাল রিয়েল-টাইম মনিটরিং করা হবে, যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক হস্তক্ষেপ করা যায়।

তফসিল ঘোষণার বিষয়ে সিইসি বলেন, হুট করে তফসিল ঘোষণা হয় না। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলে উপযুক্ত সময়ে ইসি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচনে দলীয় প্রতীক না থাকা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিষয়ে তিনি স্পষ্ট করেন, এটি দলভিত্তিক নির্বাচন নয়। তাই মনোনয়নপত্র দাখিলের দিন আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারা মনোনয়ন জমা দিতে পারবেন। যাদের আইনি বাধা থাকবে, তারা পারবেন না। আইনে যোগ্যতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

বিষয়:

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত