ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাঙামাটি

কাপ্তাই বাঁধ। ছবি: সংগৃহীত
কাপ্তাই বাঁধ। ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ফের খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে ১৬টি স্পিলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ১০৫ দশমিক ৪৯ ফুট। বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট । তবে পানির উচ্চতা ১০৮ ফুট হলে সেটিকে বিপৎসীমা হিসেবে ধরা হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, ‘কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় পুনরায় ১৬টি স্পিলওয়ে গেট দিয়ে ৬ ইঞ্চি উচ্চতায় পানি ছাড়া হয়েছে। পানির চাপ বাড়লে জলকপাট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হতে পারে।’

এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরে ধাপে ধাপে গেট খোলার পরিমাণ ৩ ফুট পর্যন্ত বাড়ানো হয়। এরপর ৬ সেপ্টেম্বর কাপ্তাই হ্রদের পানি কমে আসায় ১৬ স্পিলওয়ে গেট বন্ধ করে দেওয়া হয়েছিল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত