নবায়নযোগ্য জ্বালানি খাত দ্রুত প্রসারিত হচ্ছে, জানালেন শিল্প বিশেষজ্ঞরা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানে বক্তারা। ছবি: সংগৃহীত

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও ক্যারিয়ার গড়ার বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ আলোচনা হয়।

‘টুওয়ার্ডস আ গ্রিন ফিউচার: ক্যারিয়ার পাথওয়েজ ইন রিনিউয়েবল এনার্জি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়টির অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ঢাকা স্ট্রিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাত দ্রুত প্রসারিত হচ্ছে। এই খাতে এমন প্রকৌশলীদের প্রয়োজন, যারা শুধু একাডেমিক জ্ঞানেই নয়, বাস্তব দক্ষতায়ও পরিপক্ব।

দেশের বিদ্যুৎ, অর্থায়ন, ব্যাংকিং ও উৎপাদন শিল্পের পাঁচজন পেশাদার প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেন কমোডর (অব.) এম শরীফ উদ্দিন ভুঁইয়া, রিয়াদ বিন শাহিদ, মো. শরীফুজ্জামান, এ বি এম ফকরুল আলম ও সৈয়দ আরিফ মাহমুদ। অনুষ্ঠানে দেড় শতাধিক শিক্ষার্থী ও সদ্য গ্র্যাজুয়েটের পাশাপাশি বিভিন্ন দেশি-বিদেশি কোম্পানির করপোরেট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিওলা কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আহামেদ ইমতিয়াজ। শুরুতেই তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম এবং শিল্প খাতের চাহিদার মধ্যে যে ব্যবধান রয়েছে, তা পূরণ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাত দ্রুত প্রসারিত হচ্ছে এবং এই খাতে এমন প্রকৌশলীদের প্রয়োজন, যারা শুধু একাডেমিক জ্ঞানেই নয়, বাস্তব দক্ষতায়ও পরিপক্ব।

এলিনোর সোলার সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান কমোডর (অব.) এম শরীফ উদ্দিন ভুঁইয়া বলেন, বাংলাদেশ ক্রমেই শিল্প ও বাণিজ্যিক পর্যায়ে রুফটপ সোলার স্থাপনায় এগিয়ে যাচ্ছে এবং ইউটিলিটি-স্কেল সোলার, হাইব্রিড সিস্টেম ও ব্যাটারি স্টোরেজ প্রযুক্তিতে বিপুল সম্ভাবনা রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সোলার সিস্টেম ডিজাইন, অটোক্যাড, সিস্টেম সাইজিং ও প্রজেক্ট বাস্তবায়নের হাতে-কলমে অভিজ্ঞতাই প্রার্থীদের আলাদা করে।

ইডকলের সহকারী সহ-সভাপতি (কারিগরি) রিয়াদ বিন শাহিদ বলেন, প্রযুক্তিগত সমাধান এখন সহজলভ্য হলেও প্রকল্পের বাস্তবায়নে কাঠামোগত অর্থায়নই মূল চালিকাশক্তি। প্রজেক্ট মূল্যায়ন, টেকনিক্যাল ডিউ ডিলিজেন্স ও ডেভেলপমেন্ট ফাইন্যান্সে দক্ষ প্রকৌশলীদের চাহিদা ক্রমশ বাড়ছে।

সিটি ব্যাংক প্রজেক্ট ইন্সপেকশন ও অ্যাসেসমেন্ট বিভাগের প্রধান মো. শরীফুজ্জামান জানান, নবায়নযোগ্য জ্বালানি এখন আর ব্যাংকিং খাতে কুলুঙ্গিতে থাকা বিনিয়োগ নয়। ইএসজি (পরিবেশ, সামাজিক ও প্রশাসন) সম্মতি এবং গ্রিন ফাইন্যান্সিং এখন ব্যাংকগুলোর কৌশলগত অগ্রাধিকারে পরিণত হয়েছে। যে পেশাদাররা প্রকৌশল ও আর্থিক বিশ্লেষণ- দুটোই বোঝেন, তাদের বাজারমূল্য এখন অনেক বেশি।

উর্মি গ্রুপের সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান এ বি এম ফকরুল আলম বলেন, আন্তর্জাতিক ক্রেতারা এখন পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া প্রমাণের দাবি করছে। তাই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ও পরিবেশগত সম্মতি নিশ্চিত করার দক্ষতাসম্পন্ন প্রকৌশলীদের চাহিদা শিল্প খাতে আগের চেয়ে অনেক বেশি। টেকসই এখন আর ঐচ্ছিক নয়, এটি একটি ব্যাবসায়িক অপরিহার্যতা হয়ে দাঁড়িয়েছে।

বিএসআরএম গ্রুপের চট্টগ্রাম পাওয়ার কোম্পানি লিমিটেডের উপদেষ্টা সৈয়দ আরিফ মাহমুদ বলেন, রুফটপ সোলার থেকে শুরু করে এনার্জি স্টোরেজ সিস্টেম, স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট ও পাওয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট— এই সব ক্ষেত্রেই দক্ষ গ্র্যাজুয়েটদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের এই বিষয়গুলো আগ্রহ নিয়ে অনুসরণ করার পরামর্শ দেন তিনি।

প্রধান অধিবেশন শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি প্যানেলিস্টদের কাছে তাদের ক্যারিয়ার, স্কিলস এবং শিল্পের বাস্তবতা সম্পর্কে প্রশ্ন করেন। প্যানেলিস্টরা অত্যন্ত সরাসরি ও অকপটভাবে উত্তর দেন। পরে মধ্যাহ্নভোজ ও নেটওয়ার্কিং সেশনে শিক্ষার্থীরা প্যানেলিস্টদের সঙ্গে আরও ব্যক্তিগত পর্যায়ে আলোচনার সুযোগ পান।

ভিওলা কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সুপার স্টার, প্রযুক্তি-প্রতিষ্ঠান লঙ্গি ও অ্যাস্ট্রোএনার্জির সহযোগিতার পাশাপাশি বিইউইইসি, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও সিএসআর-এর সম্পৃক্ততায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।

সম্পর্কিত