বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান/‘আত্মহত্যা নিয়ে দৃষ্টিভঙ্গি বদলান, কথা বলা শুরু করুন’

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ১২
ছবি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট থেকে নেওয়া
ছবি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট থেকে নেওয়া

আজ ১০ সেপ্টেম্বর, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। আত্মহত্যাকে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা হিসেব চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, প্রতি বছর বিশ্বে প্রায় ৭ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ আত্মহত্যার মাধ্যমে প্রাণ হারান।

আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া বার্তায় ডব্লিউএইচও বলছে, ২০২৪ থেকে ২০২৬ সালের জন্য নির্ধারিত তিন বছর মেয়াদী প্রতিপাদ্য ‘আত্মহত্যা নিয়ে দৃষ্টিভঙ্গি বদলান’-এর তৃতীয় ও শেষ বছর হলো ২০২৬। এই প্রতিপাদ্যের সঙ্গে এবারের মূল আহ্বান হলো—‘কথা বলা শুরু করুন’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এবারের প্রতিপাদ্যটি আমাদের সবাইকে আত্মহত্যার বিষয়ে ক্ষতিকর ভ্রান্ত ধারণাগুলো দূর করতে, সামাজিক কুসংস্কার বা স্টিগমা কমাতে এবং খোলামেলা ও সহানুভূতিশীল আলোচনার আহ্বান জানায়। এর মূল উদ্দেশ্য হলো, নীরবতা ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সহানুভূতি ও সমর্থনের এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ নির্ভয়ে নিজের মনের কথা বলতে পারে এবং প্রয়োজন হলে সাহায্য চাইতে পারে।

শুধু সামাজিক সচেতনতাই নয়, দৃষ্টিভঙ্গি পরিবর্তনের অর্থ কাঠামোগত ও পদ্ধতিগত পরিবর্তন আনাও। আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্যকে সরকারি নীতিতে বা জননীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবারের থিমে। সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এই বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ নিতে তাগিদ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বিজ্ঞানভিত্তিক ও প্রমাণিত কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি করা এবং দুর্দশাগ্রস্ত ব্যক্তিরা যেন তাদের প্রয়োজনীয় সহায়তা পায় তা নিশ্চিত করা।

উল্লেখ্য, ২০০৩ সালে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন’ এবং ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’-এর যৌথ উদ্যোগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন শুরু হয়। ‘আত্মহত্যা প্রতিরোধযোগ্য’— এই অভিন্ন বিশ্বাসকে ধারণ করে প্রতি বছর ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী সম্প্রদায়, বিভিন্ন সংস্থা এবং সরকারগুলোকে ঐক্যবদ্ধ করতে ও আত্মহত্যা প্রতিরোধের বিষয়ে বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করতে এই দিবসটি পালন করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত