ইউটিউব দেখে হলুদ তরমুজ চাষ, ৩ মাসে আয় ৫ লাখ টাকা
স্ট্রিম সংবাদদাতামৌলভীবাজার
-8f39c3-480x270.webp)
ইউটিউবের ভিডিও দেখে শখের বশে শুরু হলুদ তরমুজ চাষ। শখই এখন বাণিজ্যিক উদ্যোগে রূপ নিয়েছে। মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ৩ বিঘা পতিত জমিতে ল্যানফাই জাতের তরমুজ চাষ করে মাত্র তিন মাসে ৫ লাখ টাকা আয় করেছেন তরুণ উদ্যোক্তা খোর্শেদ আলম।
জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ি গ্রামের খোর্শেদ আলমের বাগানে এখন সবুজ লতাপাতা আর সারি সারি হলুদ তরমুজ। এটি দেখতে প্রতিদিন ভিড় করছেন মানুষ।
পরিবেশকর্মী খোর্শেদ বলেন, ‘ইউটিউবে হলুদ তরমুজ চাষ দেখে শখ জাগে। ভাবলাম, একবার পরীক্ষা করে দেখি। ২০২২ সালে ৬ শতাংশ জমিতে বীজ বপন করলাম। প্রথমদিকে উদ্দেশ্য ছিল পারিবারিক চাহিদা মেটানো। ফলন ভালো হওয়ার পর দেখলাম এর চাহিদাও বেশ। তখন থেকেই বাণিজ্যিকভাবে চাষ করছি।’

পরীক্ষামূলক উদ্যোগ এবার বড় পরিসরে রূপ নিয়েছে। নিজের প্রায় ৩ বিঘা পতিত জমিতে ল্যানফাই জাতের তরমুজ চাষ করেছেন মোর্শেদ। মাটির ওপর বিছিয়ে থাকা লতাগুল্মের ফাঁকে উঁকি দিচ্ছে বাহারি হলুদ তরমুজ। বাগানের চারপাশে উৎসুক মানুষ। কেউ তরমুজ দেখতে আসছেন, কেউ ছবি তুলছেন। আবার কেউ পরিবারের জন্য কিনে নিয়ে যাচ্ছেন। অনেকের কাছেই এটি প্রথমবার হলুদ তরমুজ দেখা ও খাওয়ার অভিজ্ঞতা।
-3d3ce8.jpg)
কমলগঞ্জ থেকে বাগান দেখতে আসা এমএ ওয়াহিদ রুলু বলেন, ‘সামাজিক মাধ্যমে বাগানের ছবি দেখে লোভ সামলাতে পারিনি। এতদূর থেকে এসেছি খোর্শেদ ভাইকে উৎসাহ দিতে। তরুণ বয়সে এমন উদ্যোগ সত্যিই চমকে দেওয়ার মতো।’
খোর্শেদ আলম জানান, হলুদ তরমুজ শীত মৌসুমের ফসল। চাষের মাত্র তিন মাসের মধ্যেই ফলন পাওয়া যায়। চলতি মৌসুমে চাষে তাঁর প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। ভালো ফলন হওয়ায় ৮ থেকে ৯ লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি।
গত বছরের অভিজ্ঞতা আরও উৎসাহিত করেছে। তিনি জানান, গত মৌসুমে প্রায় ৩ লাখ টাকা ব্যয় করে তরমুজ বিক্রি করেছেন প্রায় ৮ লাখ টাকার। ভবিষ্যতে আরও জমিতে চাষ বাড়াবেন মোর্শেদ।
-171834.jpg)
জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম জানান, ল্যানফাই জাতের হলুদ তরমুজ চাষ জুড়ীতে সাড়া ফেলেছে। এটি একটি হাইব্রিড জাত। উৎপাদন পদ্ধতি অনেকটা দেশি তরমুজের মতো। এতে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ ও সি রয়েছে। জুড়ীর মাটি ও আবহাওয়া এই জাতের তরমুজ চাষের জন্য উপযোগী। তরুণ বেকাররা আগ্রহী হলে কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া হবে বলে জানান তিনি।
বিষয়:
মৌলভীবাজার.png)






-dacf88-256x144.webp)