জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

জুনিয়র এশিয়া কাপ হকি ২০২৬-এ  পঞ্চম স্থান অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সংগৃহীত ছবি
জুনিয়র এশিয়া কাপ হকি ২০২৬-এ পঞ্চম স্থান অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সংগৃহীত ছবি

জুনিয়র এশিয়া কাপ হকি ২০২৬-এ মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। শনিবার (১২ সেপ্টেম্বর) চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই গোলের জন্য মরিয়া হলেও রক্ষণভাগের দৃঢ়তায় কোনো পক্ষই জালের দেখা পায়নি।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ৩১তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক সারিকা রিমন। এই গোলসহ টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সাত গোল করলেন সারিকা।

ম্যাচের চতুর্থ ও শেষ কোয়ার্টারের শুরুর পাঁচ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান ২-০ করেন কনা আক্তার। তবে দুই গোল হজম করার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালয়েশিয়া। ম্যাচের ৫৯ মিনিটে মালয়েশিয়ার জেফ্রি গোল করে ব্যবধান কমান। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টুর্নামেন্টের চ্যালেঞ্জার পুলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে তাঁরা চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়ে টানা চার জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল। যদিও কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জাপানের বিপক্ষে ২-০ গোলে হেরে শিরোপা দৌড় থেকে ছিটকে যায় দলটি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত