
হবিগঞ্জে রুবিনা আক্তার (২৫) নামে এক নারীর মুখ এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে এ ঘটনা ঘটে। রুবিনা শায়েস্তাগঞ্জের অলিপুরে প্রাণ কোম্পানির শ্রমিক।
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার আনন্দপুর গ্রামের উজ্জল মিয়ার (২৮) সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় রুবিনার। বিভিন্ন বিষয়ে মনোমালিন্যের কারণে ছয় মাস আগে বিবাহবিচ্ছেদ করেন রুবিনা। পরে তিনি অলিপুরে প্রাণ কোম্পানিতে শ্রমিক হিসেবে যোগ দেন।
অভিযোগ রয়েছে, প্রাণ কোম্পানিতে আসা-যাওয়ার পথে রুবিনাকে উত্ত্যক্ত করে আসছিলেন উজ্জল। বৃহস্পতিবার রাতে কারখানা থেকে বাড়ি ফেরার পথে রুবিনার মুখে এসিড নিক্ষেপের পাশাপাশি ছুরিকাঘাতও করেন উজ্জল । পরে স্থানীয়রা রুবিনাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
রুবিনার বাবা বারিক মিয়া বলেন, ‘প্রায় ৬ মাস আগে মেয়ের সঙ্গে জামাইয়ের তালাক হয়েছে। এরপরও সে পিছু ছাড়েনি। প্রায়ই একা পেলে উত্ত্যক্ত করত। আমি এর সঠিক বিচার চাই।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, হাসপাতালে গিয়ে আহত নারীকে দেখে এসেছি। খোঁজ-খবর নিচ্ছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার বলেন, ওই নারীকে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
-028855-256x144.webp)





