
কক্সবাজারে মহেশখালীর ধলঘাটা এলাকা থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ডাকাত দল ফজল কাদের বাহিনীর চার সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (৮ মে) সকালে বিষয়টি জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটকরা হলেন- মো. আলমগীর (৩৪), তৌহিদুল ইসলাম কালু (২৪), ফারুক (২৫) ও কাইয়ুম উদ্দিন (৩৫)। তাঁরা সবাই ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনা এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ড জানায়, ফজল কাদের বাহিনীর সদস্যরা ধলঘাটার নাছিরডেইল সংলগ্ন এলাকায় অবস্থান করছেন বলে তারা তথ্য পান। পরে রাত ৯টার দিকে মহেশখালী কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। সেখান থেকে ওই বাহিনীর চার সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, ফজল কাদের বাহিনী দীর্ঘদিন ধরে সমুদ্রে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। আটকরা ওই বাহিনীর সক্রিয় সদস্য। তাদেরকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
.png)
-028855-256x144.webp)





