গকসু নেতাকে মারধরের অভিযোগ, থানায় মামলা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৯: ৪৩
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গকসু নেতা

ঢাকার সাভারে গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সমাজকল্যাণ ও ক্যান্টিনবিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন অন্তুকে মারধরের অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। আহত অবস্থায় তাঁকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে অভিযুক্ত মেহেদী অন্তুকে ক্যান্টিন সম্পাদক পদ থেকে পদত্যাগের চাপ দেন। তিনি তা প্রত্যাখ্যান করলে পরে মেহেদী, শিহাব ও আরও কয়েকজন তাঁকে মারধর করেন।

অভিযুক্ত দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শিহাব। অভিযোগে আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তির জড়িত থাকার কথা বলা হয়েছে।

মনোয়ার হোসেন অন্তু বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

পরিবারের অভিযোগ, হামলায় অন্তুর মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। হামলাকারীরা তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন।

গকসুর ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, সম্প্রতি ক্যাম্পাসের একটি বিষয় নিয়ে উপাচার্যের কক্ষে বৈঠকের সময় অন্তুকে ঘিরে বাক্‌বিতণ্ডা হয়। পরে মারামারির ঘটনা ঘটে। তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানান।

আশুলিয়া থানার উপপরিদর্শক মহিউদ্দিন আজাদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কনক চন্দ্র রায় বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250

সম্পর্কিত