ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, কচুরিপানা ধরে ভেসে ছিলেন সেই নারী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজবাড়ী

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১২: ৫৬
পদ্মায় ঝাঁপ দেওয়ার পর উদ্ধার নারী। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাটুরিয়া প্রান্ত থেকে ছাড়া ‘কুমিল্লা’ নামের ফেরিতে ছিলেন লাইজু (৩৯) নামের ওই নারী। সন্ধ্যা ৭টার দিকে ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে তিনি ঝাঁপ দেন।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, লাইজু নদীতে থাকা কচুরিপানা ধরে ভাসতে ভাসতে ফরিদপুরের কবিরপুর চর এলাকায় চলে যান। রাত ১১টার দিকে তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাদের ফাঁড়িকে জানায়।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন বলেন, রাতে কয়েকজন যুবক পদ্মা নদীতে চাক জাল ফেলে মাছ ধরছিলেন। ওই সময় তারা দেখতে পান, এক নারী কচুরিপানা আঁকড়ে নদীর স্রোতে ভেসে তীরের দিকে আসছেন এবং বাঁচার জন্য চিৎকার করছেন। পরে তাঁরা উদ্ধার করে স্থানীয় লোকমানের বাড়িতে নিয়ে যান এবং দৌলতদিয়া নৌ-পুলিশকে খবর দেন।

ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, ওই নারীর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফরিদপুর কোতোয়ালি থানাকে জানানো হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত