জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, সিসিটিভিতে মিলল অভিযুক্ত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১: ৩৮
সিসিটিভির ফুটেজে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত যুবক। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন চারুকলার এক্সটেনশন এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের ছাত্রী। পরে ঘটনার সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত যুবক বহিরাগত বলে জানিয়েছে প্রশাসন।

রাতেই ওই ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেন কয়েক শিক্ষার্থী। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তানভীর হোসেন স্ট্রিমকে জানান, তাঁর সঙ্গে কী ঘটেছে, তা ওই ছাত্রী বলেননি। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চিকিৎসা কেন্দ্রের নার্স আলমগীর হোসেন জানান, ভুক্তভোগী ছাত্রীর চোট দেখে মনে হয়েছে, কেউ তাঁকে জোরে খামচি দিয়েছে।

এদিকে, বিষয়টি জানাজানি হলে মেডিকেলে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চিকিৎসা কেন্দ্র থেকে ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ইতিহাস বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী লামিশা জামানের কাছে ঘটনার বিবরণ দেন তিনি।

লামিশা জামান স্ট্রিমকে জানান, ভুক্তভোগী ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকায় থাকেন। রিকশা না পেয়ে তিনি শহিদ-সালাম বরকত হলের সামনে দিয়ে পুরাতন কলা ভবন এক্সটেনশনের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে বুঝতে পারেন– কেউ তাঁকে অনুসরণ করছে। পেছন ফিরে যুবককে দেখতে পেয়ে পরিচয় জানতে চাইলে ৪৮তম আবর্তনের কথা জানান। এরপরই মধ্যে রুমাল হাতে ওই যুবক তেড়ে আসেন বলে ভুক্তভোগী জানিয়েছেন।

খভর পেয়ে রাতেই নিরাপত্তা কার্যালয়ে আসেন প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। তাঁর উপস্থিতিতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ চেক করা হয়। এতে দেখা যায়, ভুক্তভোগীকে রুমাল বা কোনো কাপড় দিয়ে গলায় টান দিয়ে টেনেহিঁচড়ে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে যায় এক যুবক। কিছুক্ষণ পর ওই ছাত্রী সেখান থেকে বেরিয়ে রাস্তার পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ান। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাঁকে উদ্ধার করেন। ফুটেজে ওই যুবকের চেহারা স্পষ্টভাবে দেখা গেছে।

উদ্ধারকারীদের একজন মাইক্রোবায়োলজি বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী জাহিদ হাসান ফেসবুকে ঘটনার বিষয়ে লিখেছেন, আনুমানিক রাত ১১টা ১০ মিনিটে আমরা কয়েকজন বাইকে করে পুরাতন ফজিলাতুন্নেছা হল এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি মেয়ের চিৎকার শুনতে পাই। আমি প্রথমে দৌড়ে গিয়ে পাশের জঙ্গল থেকে আতঙ্কিত অবস্থায় এক ছাত্রীকে বের হতে দেখি। তাঁর পায়ে স্যান্ডেল ছিল না, শরীরের বিভিন্ন স্থানে মাটি ও ধুলা। জিজ্ঞেস করলে তিনি জানান– এক বহিরাগত ব্যক্তি তাঁকে ধর্ষণের চেষ্টা করেছে।

জাহিদ হাসান লেখেন, তিনিসহ সেখানে উপস্থিত কয়জন দ্রুত জঙ্গলে গিয়ে ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করেন। তবে অন্ধকার ও ঝোপঝাড়পূর্ণ এলাকায় অনেক সন্ধান করেও তাঁকে পাননি।

প্রক্টর বলেন, অভিযুক্তের চেহারা আমরা দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাঁকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু মনে হয়েছে, অভিযুক্ত আমাদের শিক্ষার্থী নন।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত