এবার ‘কালো পাহাড়’ জয় করতে গেলেন বাবর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ২২: ৫৪
পর্বতচূড়ায় বাংলাদেশের পতাকা হাতে বাবর আলী

বিশ্বে আট হাজার মিটার (২৬,২৪৬ ফুট) বা তাঁর বেশি উচ্চতার পর্বত আছে মোট ১৪টি, এরমধ্যে পঞ্চম উচ্চতম শৃঙ্গ নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত মাউন্ট মাকালু। পর্বতারোহীদের কাছে যা ‘কালো পাহাড়’ নামে বেশি পরিচিত। এবার ৮ হাজার ৪৮৫ মিটার (২৭,৮৩৮ ফুট) উচ্চতার এই কালো পাহাড়ের চূড়া ছুঁতে চান এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলী।

খোঁজ নিয়ে জানা গেছে, বরফের খাড়া ঢাল, সরু পথ আর আচমকা বদলে যাওয়া আবহাওয়ার ভেতর দিয়ে উঠতে হয় এই পাহাড়ে। যেকোনো সময় কঠিন হয়ে পড়তে পারে পরিস্থিতি। তবু এই চেলেঞ্জ নিতে যাচ্ছেন বিশ্বের উচ্চতম ৪টি শৃঙ্গ ছুঁয়ে আসা বাবর। মাউন্ট মাকালুর চূড়ায় উঠতে ইতিমধ্যে দেশ ছেড়েছেন বারব।

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ থেকে নেপালে পৌঁছেছেন তিনি। বর্তমানে দেশটির রাজধানী কাঠমান্ডুতে অবস্থান করছেন বাবর। স্ট্রিমকে তিনি জানিয়েছেন, ওয়েদার ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার যাত্রা শুরু করবেন।

স্ট্রিমকে বাবর বলেন,‘আগামীকাল কাঠমান্ডু থেকে একটা ছোট্ট ফ্লাইটে টুমলিংটার যাব। সেখান থেকে গাড়ি ড্রাইভ করে নুম। আশা করি নুম থেকে আগামী পরশুদিন ট্রেকিং শুরু করব বেজ ক্যাম্পের দিকে। বেজ ক্যাম্পে পৌঁছাতে ৯ থেকে ১০ দিন সময় লাগতে পারে। ওখান থেকে মূল ক্লাইম্বটা শুরু হবে।’

বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ চারটি পর্বতের চূড়া ছুঁয়ার একমাত্র কৃতিত্বের অধিকারী বাবর। মাউন্ট মাকালু হতে যাচ্ছে আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতে বাবরের পঞ্চম অভিযান। এর আগে ২০২৪ সালে একই অভিযানে এভারেস্ট ও লোৎসে জয়, ২০২৫ সালে অন্নপূর্ণা-১ আরোহণ এবং একই বছরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু জয় করেছেন তিনি।

এবার ‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক অভিযানে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ খ্যাত মাউন্ট মাকালুতে যাচ্ছেন বাবর।

স্ট্রিমকে বাবর বলেন, ‘পৃথিবীতে সর্বমোট ১৪টা ৮ হাজার মিটার পর্বতের সবই আমি ক্লাইম্ব করতে চাই। তারই ধারাবাহিকতায় মাকালু আরোহণের ইচ্ছা। যদিও এ বছর পাকিস্তানের কারাকোরামে অবস্থিত নাঙ্গা পর্বত আরোহণের প্ল্যান ছিল। কিন্তু এটার জন্য যে বাজেট দরকার, সেটার অপ্রতুলতা এবং পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের উত্তেজনার জন্যই আমার ফোকাসটা সরিয়ে মাউন্ট মাকালুতে নিয়ে এসেছি।’

মাকালু অভিযান শেষ করতে ৫০ দিনের মতো সময় লাগবে বলে জানিয়েছেন বাবর। তিনি স্ট্রিমকে বলেন, ‘গত ৭ এপ্রিল আমি দেশ ছেড়েছি। আমার ধারণা, মে মাসের সেকেন্ড বা থার্ড উইক নাগাদ চূড়ায় আরোহণ করতে পারব। মে মাসের শেষ নাগাদ অভিযান শেষ করে হয়তো দেশে ফিরব।

মাকালু আরোহণের চ্যালেঞ্জ তুলে ধরে স্ট্রিমকে বাবর বলেন, ‘মাকালুর ক্ষেত্রে সবচে বড় চ্যালেঞ্জটা হলো, জায়গাটাতে প্রচণ্ড বাতাস। এ ছাড়া এই রিজিওনটা বেশ ঠান্ডা। এই দুটো চ্যালেঞ্জ আমার ফেস করতে হবে। এ ছাড়া পর্বতের বাকি যেসব অবজেক্টিভ হ্যাজার্ডস থাকে সেগুলো তো আছেই।’

তিনি আরও বলেন, ‘আট হাজার মিটারের অতি উচ্চতাকে ডেড জোন বলা হয়। ডেড জোন এমন একটা প্রসেস যেখানে শরীর ধীরে ধীরে মরতে শুরু করে। এই ডেড জোন ফেস করেই আমাকে চূড়ার দিকে এগোতে হবে।’

পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ এই অভিযানের আয়োজন করেছে। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে স্যাম-বন্ড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন এবং রহমান্স গ্রোসারিজ।

আবর আলি আরও বলেন, ‘গভমেন্ট ক্রীড়া ভাতা বা ক্রীড়া কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। এটা ডেফিনেটলি দারুণ উদ্যোগ। আমি আশা করবো, সেটার ব্যাপ্তি বাড়িয়ে পর্বতারোহণের মত অ্যাডভেঞ্চার স্পোর্টসকেও যেন এর আওতায় নিয়ে আসা হয়। কারণ আমরা আসলে দেশকেই রিপ্রেজেন্ট করি।’

উল্লেখ্য ২০১৭ সালে ভারতের নেহরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন বাবর। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম (২২,৩৪৯ ফুট) আরোহণ করেন। ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (২৯,০৩৫ ফুট) ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে (২৭,৯৪০ ফুট) আরোহণ করেন। একই অভিযানে দুটি আট হাজার মিটার পর্বত আরোহণের কৃতিত্ব নেই আর কোন বাংলাদেশি পর্বতারোহীর। ২০২৫ সালের এপ্রিল মাসে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আরোহণ করেন বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ (২৬,৫৪৫ ফুট)। একই বছরের সেপ্টেম্বরে তিনি কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই আরোহণ করেন বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মাউন্ট মানাসলু (২৬,৭৮১ ফুট)।

সম্পর্কিত