উত্তরায় বসল সৌরবিদ্যুৎচালিত ট্রাফিক সিগন্যাল, হবে স্বয়ংক্রিয় মামলা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৯: ৩৫
উত্তরায় বসল সৌরবিদ্যুৎচালিত ট্রাফিক সিগন্যালের উদ্বোধন

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও শৃঙ্খলা ফেরাতে উত্তরায় সৌরবিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা দায়ের করা হবে।

সোমবার (১১ মে) দুপুরে উত্তরার এয়ারপোর্ট গোলচত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত কমিশনার জানান, আধুনিক এই প্রযুক্তি ব্যবহারের ফলে ট্রাফিক আইন প্রয়োগ আরও কঠোর ও নির্ভুল হবে। তিনি বলেন, ‘গত এক সপ্তাহে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে তিনশোর বেশি মামলা দেওয়া হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে প্রতিদিন ১ হাজারেরও বেশি মামলা দায়ের করা সম্ভব হবে।’

ডিএমপি প্রধান আরও উল্লেখ করেন, যত্রতত্র ক্রসিং বা উল্টোপথে যানবাহন চলাচল করলে এখন থেকে আর ট্রাফিক পুলিশের ম্যানুয়াল সিগন্যালের প্রয়োজন হবে না; স্বয়ংক্রিয় পদ্ধতিতেই ডিজিটাল মামলা সম্পন্ন হবে। তবে এই উদ্যোগের মূল লক্ষ্য কেবল জরিমানা আদায় নয়, বরং ঢাকা শহরে একটি টেকসই ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা।

ঢাকা শহরকে একটি আধুনিক মেগাসিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই ডিজিটালাইজেশন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। এই নতুন ব্যবস্থার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে এবং সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ভারপ্রাপ্ত কমিশনার।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সৌরবিদ্যুৎ চালিত এই সিগন্যাল ব্যবস্থাটি বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি লোডশেডিংয়ের সময়ও নিরবচ্ছিন্নভাবে ট্রাফিক সিগন্যাল সচল রাখতে সহায়তা করবে বলে আশা করছে পুলিশ।

সম্পর্কিত