ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকে কুপিয়ে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হত্যার শিকার ইউপি সদস্য মোনায়েম হোসেন। ছবি: সংগৃহীত
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হত্যার শিকার ইউপি সদস্য মোনায়েম হোসেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোনায়েম হোসেন (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজার সংলগ্ন নিজ গ্রাম কালিশংকরপুরে তাঁর ওপর হামলা হয়।

মোনায়েম স্থানীয় ভায়না ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভায়না বাজার থেকে বাড়ি ফিরছিলেন মোনায়েম। পথে কালীশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাঁর চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভায়না ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আক্তার হোসেন বলেন, বিকেলে মোনায়েম হোসেন খেলা দেখতে কুষ্টিয়ার আব্দালপুরে গিয়েছিলেন। রাতে বাজারের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। কুষ্টিয়া নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মোনায়েমের স্ত্রী শিল্পী খাতুন বলেন, ‘আমি বিধবা হয়ে গেলাম। সন্তানরা এতিম হয়ে গেল। আমি এর বিচার চাই।’

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, হত্যায় কারা জড়িত তা এখনো নিশ্চিত না। ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত