হকারদের ফুটপাত বরাদ্দের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

হাইকোর্ট ভবন। সংগৃহীত ছবি

হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়া কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার (এলজিআরডি) সচিব, আইন সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলেছেন আদালত।

ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬-এর আওতায় রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়া চ্যালেঞ্জ করে এই রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সোহেবুজ্জামান। এতে বলা হয়, রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়া সংবিধানের ২১ ও ৩৬ অনুচ্ছেদে জনগণের মৌলিক অধিকার এবং ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৩৭ ধারার পরিপন্থী।

মো. সোহেবুজ্জামান বলেন, ‘বরাদ্দের যে নীতিমালা সরকার করেছে, তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। গতকাল প্রাথমিক শুনানি হওয়ার পর সরকার পক্ষ সময় চায় এবং আজ পুনরায় শুনানি শেষে আদালত রুল জারি করেন।’

সড়ক পরিবহন আইনের লঙ্ঘনের বিষয়ে এই আইনজীবী বলেন, ‘বিদ্যমান আইনে রাস্তার উভয় পাশে ১০ মিটার জায়গা ফাঁকা রাখার বিধান রয়েছে। কিন্তু ফুটপাত বরাদ্দে সেই আইন লঙ্ঘিত হচ্ছে। কোনো অনুচ্ছেদ নয় বরং পুরো নীতিমালার বিরোধিতা করছি আমরা।’

সম্পর্কিত