হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৩ আগস্ট

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৯: ৪০
শেখ হাসিনা, ফাইল ছবি

জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল ইসলাম এ আদেশ দেন। সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ কারাগারে থাকা এ মামলার চার আসামিকে আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার আসামি ফোরকান হোসেন আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করে। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরাও সময় চেয়ে আবেদন করেন। আদালত উভয় পক্ষের আবেদন বিবেচনা করে নতুন তারিখ নির্ধারণ করেন।

তিনি আরও জানান, মামলার ৩৪ আসামির মধ্যে এদিন কারাগারে থাকা চারজনকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা আটজনও আদালতে উপস্থিত হয়েছিলেন। মামলার বাকি আসামিরা পলাতক রয়েছেন।

এদিন জুনাইদ আহমেদ পলক আদালতকে বলেন, ‘আমার ঘাড়ে আঘাতের কারণে চিকিৎসক হেলমেট না পরানোর নির্দেশনা দিয়েছেন। বর্তমানে ১৫ দিনে পরিবারের সঙ্গে মাত্র আধা ঘণ্টা সাক্ষাতের সুযোগ পাই। মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গে প্রিভিলেজড কমিউনিকেশনের জন্য অন্তত দুই সপ্তাহে দুই দিন তিন ঘণ্টা করে সাক্ষাতের অনুমতি দেওয়ার আবেদন করছি।’

এ বিষয়ে আদালত শুনানি শেষে কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মামলার নথিপত্র অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ওই দিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জুনাইদ আহমেদ পলকসহ অনেকে।

এ মামলায় কারাগারে থাকা আসামিরা হলেন—জুনাইদ আহমেদ পলক, সাদেক খান, ফোরকান হোসেন ও শাহজাহান খান।

Ad 300x250

সম্পর্কিত