জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা: রমনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ৫৩
রাজধানীতে শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় চারজন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা এলাকা থেকে স্কুলছাত্র অপহৃত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে অপহৃত আফনান সাঈদকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—তানভীর আহমেদ ওরফে ফাহিম (২৪), ইফফাত ইয়ামিন লিখন (২৩), হাসান আল বান্না ওরফে হাসান (২০) ও মুস্তাকিমুর রহমান ওরফে কুঞ্জ (২১)।

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে শান্তিনগরের আল মদিনা প্যালেসের সামনে থেকে আফনান সাঈদকে কৌশলে অপহরণ করা হয়। ওয়াহিদুর রহমান শান্ত নামে একজন তাঁকে চামেলীবাগের একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে অপহরণকারীরা আফনানের মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। ভিকটিমের বাবা সচিবালয়ে কর্মরত থাকায় তিনি বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন। প্রধানমন্ত্রী তাৎক্ষণিক পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উদ্ধারের নির্দেশ দেন। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার ও ছাত্রটিকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা আগে আরও ছয়টি অপহরণের ঘটনা ঘটিয়েছে। তারা পরস্পর যোগসাজশে ডিজিটাল মাধ্যমে প্রতারণা, ব্ল্যাকমেল ও অপহরণ করে মুক্তিপণ আদায় করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত