বাইরে থেকে ট্রেজারার দিলে জবিতে ঢোকার সুযোগ দেওয়া হবে না: শিক্ষক সমিতি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঢাকা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষক সমিতির নেতারা। এ সময় শিক্ষক নেতাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, বর্তমানে জবিতে ৭৩২ জন শিক্ষক রয়েছেন, যার মধ্যে ২৪৫ জন অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকরা প্রতিষ্ঠানের বাস্তবতা ভালোভাবে বোঝেন। তাই ট্রেজারার পদে জবির যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দেওয়া উচিত।

ইমরানুল হক প্রশ্ন তোলেন, জবির শিক্ষকরা অন্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হলে নিজ বিশ্ববিদ্যালয়ে কেন বাইরে থেকে নিয়োগ দিতে হবে।

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, শিক্ষক সমিতি শুধু শিক্ষকদের সংগঠন নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করে।

সংবাদ সম্মেলনে কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল হালিকিম বলেন, বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

ছাত্র প্রতিনিধি ফেরদাউস বলেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগের অভিযোগ ছিল। ভবিষ্যতে এ ধরনের বৈষম্যমূলক নিয়োগ যেন না হয়, সে দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে ‘টিম জগন্নাথ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, সরকার পরিবর্তনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে।

Ad 300x250

সম্পর্কিত